ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থবছরের অর্ধেক সময় পেরোনোর পর ঠিক আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবার বললেন, চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে।
তবে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন একেবারেই অসম্ভব বলে মনে করছেন না তিনি।
বুধবারের মতো গত ২১ ডিসেম্বরও অর্থমন্ত্রী বলেছিলেন, চলতি অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। তবে অর্থমন্ত্রীর এই সংশয়ের সঙ্গে দ্বিমত পোষণ করে আসছেন গভর্নর আতিউর রহমান।
অর্থমন্ত্রী বুধবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে বলেন, গত ২১ ডিসেম্বর বিআইডিএস এর সেমিনারে তিনি ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন নিয়ে সংশয়ের কথা জানালেও কোনো কোনো সংবাদ মাধ্যম বলেছে, ‘৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হবে না’।
“অর্জিত হবে না এমন কথা আমি বলিনি। অথচ মিডিয়ায় প্রচার করা হয়েছে, হবে না,” বলেন তিনি।
অভ্যন্তরীণ সম্পদের অপ্রতুলতা, বিনিয়োগে খরার কারণেই প্রবৃদ্ধি অর্জন নিয়ে অর্থমন্ত্রীর সংশয়। তার বক্তব্য, ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে।
সরকারের তথ্য অনুযায়ী, গত ২০১০-১১ অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছিলো। চলতি অর্থবছরের বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ শতাংশ।
এনইসি সম্মেলন কক্ষে ‘৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০১১-২০১২ : দারিদ্র নিরসনে প্রবৃদ্ধি’ শীর্ষক পরিকল্পনা দলিলের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুহিত আরো বলেন, সমস্যা থাকলেও বাংলাদেশের অর্থনীতি সম্ভাবনাময়।
“আমাদের অর্থনীতির কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে। এ রকম সমস্যা থাকবে। মূল্যস্ফীতিতে যে সমস্যা সেটা আন্তর্জাতিক সমস্যা, পৃথিবীর অনেক দেশেই এ সমস্যা এখন প্রকট,” বলেন তিনি।
বিআইডিএসের সেমিনারেও মূল্যস্ফীতিকে দেশের অর্থনীতির জন্য চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেছিলেন মুহিত। তিনি বলেছিলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। কিন্তু তারপরও তা সহনীয় রাখা কঠিন হয়ে পড়েছে।
পরিকল্পনা দলিলের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক শামসুল আলম বক্তব্য রাখেন।
অর্থমন্ত্রী বলেন, “নির্বাচনী ইশতেহারে আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরে যাওয়ার কথা বলেছিলাম। তারই আলোকে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহই করা হয়েছে।”
“আমি স্বীকার করছি এটা উচ্চাভিষালী পরিকল্পনা। তবে এটা অবশ্যই বাস্তবায়নযোগ্য,” বলেন তিনি।
উন্নয়নের এ দলিল বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মুহিত।
পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান লক্ষ্য হচ্ছে- দারিদ্র্য নিরসন ও বৈষম্য কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট উত্তরণ, মানব সম্পদ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, নারী-পুরুষ সমতা, ভূমি ব্যবস্থাপনা এবং সুশাসন অর্জন।
তিনি বলেন, “পরিকল্পনা ছাড়া উন্নয়ন কার্যক্রমের সুফল জনসাধারণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব নয়।”
মধ্যমেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে রূপকল্প-২০২১ অনুযায়ী কাক্সিক্ষত মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার আশা প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী।
পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রশংসা করে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এ পরিকল্পনায় প্রবৃদ্ধি ধরে রাখার নির্দেশিকা যেমন রয়েছে, তেমনি এতে নগরায়নের সমস্যা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার নির্দেশিকাও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯২৭ ঘ.
bdnews24