২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চট্টগ্রাম-ব্যাংকক ফ্লাইট বাতিল রপ্তানিতে প্রভাব ফেলবে’

চট্টগ্রাম-ব্যাংকক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল বন্ধ হলে রপ্তানি শিল্পে বিরূপ প্রভাব পড়বে উল্লেখ করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিজিএমইএ ও চট্টগ্রাম চেম্বার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-ব্যাংকক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল বন্ধ হলে রপ্তানি শিল্পে বিরূপ প্রভাব পড়বে উল্লেখ করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিজিএমইএ ও চট্টগ্রাম চেম্বার। মঙ্গলবার বিজিএমইএ’র প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্লাইট বন্ধ ও প্রতিবাদের কথা বলা হয়। এ বিষয়ে জানতে চাইলে নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী জানুয়ারি থেকে এ রুটে ফ্লাইট চলাচল বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি।” এ বিষয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রি গত রোববার বেসরকারি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান বরাবর একটি চিঠি পাঠিয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে চট্টগ্রাম চেম্বার সচিব ওসমান গনি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানের চট্টগ্রাম জেলা কার্যালয়ে ব্যবসায়ীরা জানুয়ারি মাসের টিকেট কিনতে গেলে বলা হয় জানুয়ারি থেকে এ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে।” তবে বেসামরিক বিমান ও পর্যটন সচিব আতাহারুল ইসলাম বলেন, “চট্টগ্রাম-ব্যাংকক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল বন্ধের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে আমার জানা নেই। বিমান যেহেতু স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান তাই একে লাভজনক করতে রুট পরিবর্তন বা ফ্লাইট বাতিলের সাময়িক সিদ্ধান্ত হতে পারে।” বিজিএমইএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, “চট্টগ্রামে প্রায় আটশ’ পোশাক শিল্প কারখানা, বায়িং হাউজ, ব্যাকওয়ার্ড ও অন্যান্য শিল্প কারখানা আছে। এ শিল্প কারখানাগুলো রপ্তানি আদেশ এবং কাঁচামালের জন্য বিদেশি ক্রেতা ও সরবরাহকারীদের ওপর নির্ভরশীল। এসব প্রতিষ্ঠানের কার্যালয় ব্যাংককে অবস্থিত।” “ব্যাংকক থেকে প্রতিনিধিরা সরাসরি চট্টগ্রামে আসেন। এছাড়া চট্টগ্রাম থেকে পোশাক শিল্প সংশি¬ষ্টরাও এ ফ্লাইটে ব্যাংককে গিয়ে ব্যবসায়িক যোগাযোগ করে থাকেন। তাই এ ফ্লাইট বন্ধ হলে চট্টগ্রামের অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়বে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/২০৫৮ ঘ.