২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকিংয়ের জন্য আলাদা তহবিল

ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং তফসিলি ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখাগুলোর জন্য আলাদা ফান্ড মার্কেট গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং তফসিলি ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখাগুলোর জন্য আলাদা ফান্ড মার্কেট গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে এখন থেকে ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং তফসিলি ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখাগুলো ‘ইসলামী ইন্টারব্যাংক ফান্ড মার্কেটে’ লেনদেন করতে পারবে বলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং প্রচলিত ধারার ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখাগুলো তাদের বিনিয়োগ উদ্বৃত্ত তহবিল ইসলামী বন্ড ফান্ডের কাছে দৈনিক ভিত্তিতে হস্তান্তরও করতে পারবে। ইসলামী বন্ড ফান্ড কাস্টডিয়ান হিসেবে এই তহবিল গ্রহণ করবে এবং বিনিয়োগকৃত অর্থের ওপর অর্জিত মুনাফা তহবিল সরবরাহকারীদের মধ্যে আনুপাতিকহারে বণ্টন করা হবে। সব লেনদেন হবে মুদারাবা ভিত্তিতে। ইসলামী বন্ড ফান্ড কর্তৃক নির্ধারিত প্রফিট শেয়ারিং রেশিও (পিএসআর) অনুসারে গ্রহীতাকে পর্যাপ্ততা সাপেক্ষে তহবিল সরবরাহ করা হবে। তহবিল গ্রহীতা কর্তৃক ঘোষিত বিভিন্ন মেয়াদি আমানতের সাময়িক মুনাফার হার অনুসারে মুনাফার হার নির্ধারিত হবে। মেয়াদান্তে তহবিল গ্রহীতাকে নির্ধারিত পিএসআর অনুসারে মুনাফাসহ মূল টাকা পরিশোধ করতে হবে। গৃহীত তহবিলের মেয়াদ একদিন হবে, তবে ছুটি থাকলে তা পরবর্তী কার্যদিবস পর্যন্ত বাড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৯১০ ঘ.