ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে আগামী বৃহস্পতিবার নতুন করে ভোজ্যতেলের দাম নির্ধারণ করবে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি একে আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আগামী বৃহস্পতিবার ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে সভা করে ভোজ্যতেলের দাম নতুন করে নির্ধারণ করা হবে।”
রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকার খুচরা বাজারে লিটার প্রতি সয়াবিন তেল ১২৪ থেকে ১২৮ টাকায় বিক্রি হয়েছে। চিনি প্রতি ৫৬ থেকে ৫৭ টাকা বিক্রি হয়েছে।
ভোজ্যতেল ও চিনির দাম বেড়ে যাওয়ায় মঙ্গলবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের। দুপুর আড়াইটা থেকে ৫টা পর্যন্ত তিনি বৈঠক করেন। তবে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কোনো কথা বলেননি।
এ কে আজাদ বলেন, বৃহস্পতিবারের সভায় আমদানিকারকরা কত দামে তেল আমদানি করছে, কত টাকা শুল্ক দিয়েছে সেসব বিষয় পর্যালোচনা করে মূল্য নির্ধারণ করা হবে।
গত জুলাই থেকে এ পর্যন্ত ১০ লাখ মেট্রিক টন তেল আমদানি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বছরে ১৪ লাখ মেট্রিক টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে।
দীর্ঘদিন ধরে চিনি ব্যবসায়ীরা চিনি রপ্তানির সুযোগ চাচ্ছেন উল্লেখ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতা আজাদ বলেন, “বছরে ৩৫ লাখ মেট্রিক টন চিনি উৎপাদনের ক্ষমতা রয়েছে। এর বিপরীতে চাহিদা মাত্র ১৪ লাখ মেট্রিক টন।”
“তবে চিনি রপ্তানির আগে ব্যবসায়ীদের কাছ থেকে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখার বিষয়ে এফসিসিআই-এর পক্ষ থেকে অঙ্গীকারনামা নেওয়া হবে। ব্যবসায়ীদের কাছে থেকে এ ব্যাপারে নিশ্চয়তা পেলে এফবিসিসিআই বাণিজ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে সুপারিশ করবে,” যোগ করেন একে আজাদ।
সর্বশেষ গত ২০ জুলাই খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম ৬৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিনের দাম ১০৯ ও পাম তেলের দাম ৯৯ টাকা নির্ধারণ করে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৮১১ ঘ.
bdnews24