চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনার স্বয়ংক্রিয় পদ্ধতি সিটিএমএস এবং কন্টেইনারে তেজস্ত্রিয়া সনাক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেলে বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী মিলনায়তনে এ দুই পদ্ধতি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসনে সন্ত্রাস দমনের মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি।”
“আওয়ামী লীগ সরকার যে কোনো মূল্যে সন্ত্রাস ও সন্ত্রাসীদের উৎখাত করতে চায়,” যোগ করেন তিনি।
“পূর্বে যারা ক্ষমতায় ছিলো, তারা বাংলাদেশকে একটি সন্ত্রাসী ও জঙ্গি রাষ্ট্র বানিয়েছিল। আমরা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হয়েছি।”
বন্দর কর্মকর্তারা জানান, কোনো কন্টেইনারে পারমাণবিক জ্বালানি বা অস্ত্র অথবা তেজস্ক্রিয় কোনো পদার্থ থাকলে রেডিয়েশন ডিটেকশন সিস্টেমের মাধ্যমে তা সনাক্ত করা সম্ভব হবে।
যুক্তরাষ্ট্র সরকারের সহায়তায় চট্টগ্রাম বন্দরে এ প্রযুক্তি চালু করা হয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে এ পদ্ধতির সঙ্গে স্বয়ংক্রিয় সিটিএমএস (কন্টেইনার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম) ব্যবস্থাও পুরোদমে চালু হলো চট্টগ্রাম বন্দরে।
গত ১০ অক্টোবর বন্দরে পরীক্ষামূলকভাবে সিটিএমএস চালু হলেও পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর দাবির মুখে প্রাথমিকভাবে তাদের রপ্তানিমুখী কন্টেইনার এর বাইরে রাখা হয়।
সিটিএমএস প্রক্রিয়ায় জেটিতে জাহাজ পৌঁছানোর ২৪ ঘণ্টা আগে পণ্যভর্তি কন্টেইনার বন্দরে জমা দিতে হবে। কিন্তু ‘কাট অফ টাইম’ সুবিধার আওতায় তৈরি পোশাক মালিকরা এতোদিন বন্দরে জাহাজ আসার ২৪ ঘণ্টা পর কন্টেইনার জমা দিতেন।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পোশাক মালিকদের সংগঠনের দাবির প্রেক্ষিতে এখন থেকে বিজিএমইএর কন্টেইনারগুলো জাহাজ ভেড়ার ১২ ঘণ্টা আগে জমা দিতে হবে।
সিটিএমএস প্রক্রিয়ায় কন্টেইনারের অবস্থান সহজেই অনলাইনে জানা যাবে। এতে বন্দরের দক্ষতা এবং কন্টেইনার রাখার জায়গা ৫০ শতাংশ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন- নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরে আলম চৌধুরী লিটন, নৌপরিবহন সচিব আব্দুল মান্নান হাওলাদার, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা, বন্দর চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএন/জেকে/১৭৩৩ ঘ.
bdnews24