২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পদ্ধতির মূল্য সূচক চালুর দিকে এসইসি

স্টক এক্সচেঞ্জগুলোর জন্য ‘আন্তর্জাতিক মানের’ নতুন মূল্য সূচক চালুর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), যা স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 08:39 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্টক এক্সচেঞ্জগুলোর জন্য ‘আন্তর্জাতিক মানের’ নতুন মূল্য সূচক চালুর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), যা স্বাগত জানিয়েছেন বিশ্লেষকরা। সোমবার এসইসিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও সিডিবিএলের প্রতিনিধিদের সঙ্গে সভায় নতুন পদ্ধতির সূচক চালুর সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সভায় আন্তর্জাতিক মানের ইনডেক্স প্রবর্তনের ওপর আলোচনা হয় এবং ফ্রি ফ্লোটের (লেনদেনযোগ্য শেয়ার) ভিত্তিতে ইনডেক্স গঠনের সিদ্ধান্ত হয়। ফ্রি ফ্লোটের ব্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ওসমান ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘ফ্রি ফ্লোটের মানে হচ্ছে ইনভেস্টেবল অ্যান্ড ট্রেডেবল শেয়ার, যা একটি কোম্পানির সম্পূর্ণ শেয়ার থেকে গভর্মেন্ট হোল্ডিং, স্পন্সর ডিরেক্টর হোল্ডিং এবং ইনস্টিটিউশনাল হোল্ডিং যে টুকু লকইন করা আছে, তা বাদ দিলে পাওয়া যায়।” ফ্রি ফ্লোটের সংজ্ঞা নির্ধারণের জন্য এসইসি সদস্য আরিফ খানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফ্রি ফ্লোটের ভিত্তিতে সূচক পরিমাপ বিনিয়োগবান্ধব এবং সঠিক হবে বলে মনে করেন অধ্যাপক ওসমান। তবে তার পরামর্শ, নতুনের সঙ্গে পুরনো সূচকের সমন্বয় করা হলে দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। তাই গত তিন-চার বছরকে ভিত্তি বছর ধরে নতুন সূচক চালু করা উচিত। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমান পদ্ধতিতে বড় বাজার মূলধনের কোম্পানির শেয়ারের দাম একটু বাড়লে বা কমলে সূচকে বেশ পরিবর্তন ঘটে। “যেমন গ্রামীণফোনের শেয়ারের দাম যদি এক শতাংশ বাড়ে, সূচক প্রায় এক শতাংশ বেড়ে যায়। ফ্রি ফ্লোট সিস্টেমে এলে বড় মূলধনের কোম্পানিগুলোর দাম বাজারকে অনেক বেশি প্রভাবিত করতে পারবে না, সবগুলো কোম্পানির শেয়ারের দামের পরিবর্তন সূচকে সঠিকভাবে প্রতিফলিত হবে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরবি/এফএফএস/এমআই/২২২০ ঘ.