মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মৎস্য সম্পদের মজুদ নিরূপণে জরিপ জাহাজ কিনছে সরকার। এছাড়া সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোর অবস্থান চট্টগ্রামের মৎস্য অফিস থেকে তাৎক্ষণিকভাবে জানতে চালু হচ্ছে ‘ভ্যাসেল ট্র্যাকিং মনিটরিং সিস্টেম (ভিটিএমএস)।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের দক্ষিণ উপকূল সামুদ্রিক মাছের অনেক বড় ভাণ্ডার। বঙ্গোপসাগরে বাংলাদেশের অর্থনৈতিক এলাকার (ইইজেড) আয়তন ৪১ হাজার বর্গ-নটিক্যাল মাইল, যা দেশের মূল ভূখন্ডের প্রায় সমান।”
তিনি জানান, বর্তমানে ১৭০টি ট্রলার এবং প্রায় ৫০ হাজার দেশি যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান দিয়ে ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ ও ২০ প্রজাতির চিংড়ি আহরণ করা হচ্ছে। কিন্তু অতিরিক্ত আহরণের ফলে সামুদ্রিক মৎস্য সম্পদও শেষ হয়ে যেতে পারে। সঠিকভাবে আহরণ না হলে সাগরের মাছ প্রাকৃতিকভাবে কমে যাতে পারে।
মাছের বংশবৃদ্ধি ও উন্নয়নে সঠিক পরিকল্পনা, সামুদ্রিক মৎস্য আহরণে নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা চালুর জন্য সরকার প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ‘মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প’ হাতে নিয়েছে জানিয়ে তিনি বলেন, এ প্রকল্পের অধীনে প্রায় ৫০ কোটি টাকায় একটি সামুদ্রিক মৎস্য জরিপ জাহাজ কেনা হচ্ছে। ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এবং মালয়েশিয়া সরকার এ প্রকল্পে অর্থায়ন করছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের কর্মকর্তারা জানান, জরিপ জাহাজ কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র যাচাই-বাছাই শেষে ইতোমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে। আগামী বছরের শেষ দিকে এ জাহাজ দেশে পৌঁছলে দীর্ঘ ২২ বছর পর আবার বঙ্গোপসাগরে মৎস্য জরিপ শুরু হবে।
পাশাপাশি সাগরে অবস্থানরত ট্রলারের অবস্থান চিহ্নিত করতে ভ্যাসেল ট্র্যাকিং মনিটরিং সিস্টেম (ভিটিএমএস) কেনার উদ্যোগও ইতোমধ্যে নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
তারা বলছেন, ভিটিএমএস চালু হলে সমুদ্রগামী ট্রলারগুলোর অবস্থান ও গতিবিধি সরাসরি নজরদারি করা যাবে। এছাড়া অবৈধ মৎস্য আহরণ এবং বিদেশি নৌযানের অনুপ্রবেশও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
স্বাধীনতার পর জাপানের সহায়তায় প্রথমবারের মতো বঙ্গোপসাগরে মৎস্য জরিপ হয়। এরপর ১৯৮২ ও ১৯৮৩ সালে অনুদান হিসেবে পাওয়া জাহাজ আরভি অনুসন্ধানী ও আরভি মাছরাঙা দিয়ে বিশ্ব খাদ্য সংস্থার (এফএও) সহায়তায় জরিপ কাজ চালানো হয় ১৯৯০ সাল পর্যন্ত। তখনই বঙ্গোপসাগরে মাছের নতুন নতুন অভয়ারণ্য চিহ্নিত করা, প্রজাতি নির্ধারণ, প্রাচুর্য, পানির স্তর ও পানি পরীক্ষা করা হয়।
১৯৯৭ সালের ঘূর্ণিঝড়ে কর্ণফুলী নদীতে ডুবে অকেজো হয় মাছরাঙা। সেটি উদ্ধার করা হলেও বিকল অবস্থায় বিাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের বেসিনে পড়ে রয়েছে।
এছাড়া ২০০১ সালের মে মাসে সাগরে গ্রাউন্ড জরিপ করতে গিয়ে যান্ত্রিক ত্র“টির কারণে বিকল হয়ে যায় আরভি অনুসন্ধানী। এরপর থেকে জাহাজটি পড়ে আছে কর্ণফুলী ডকইয়ার্ডে।
সামুদ্রিক মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ বলেন, “বঙ্গোপসাগরের মাছ অফুরন্ত নয়, বরং তা নবায়নযোগ্য সম্পদ ভাণ্ডার। জরিপের মাধ্যমে পাওয়া দিকনির্দেশনা অনুযায়ী আহরণ করলে এ সম্পদ বহুদিন ব্যবহার করা যাবে। আর জরিপ ছাড়া আহরণ করলে ক্রমেই মজুদ কমে আসবে।”
বাংলাদেশের অর্থনীতিতে সামুদ্রিক মৎস্যসম্পদের ভূমিকা মোট জিডিপির ৩ দশমিক ৭৪ ভাগ। আর দেশের মোট রপ্তানি আয়ের
৪ দশমিক শূন্য ৪ ভাগেরও জোগান দেয় এই খাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/০৯৫০ ঘ.
bdnews24