২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রে নতুন কূপে গ্যাসের সন্ধান

সিলেটের ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। জানুয়ারির শেষ নাগাদ এখান থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 05:27 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের নতুন খনন করা উন্নয়ন (চতুর্থ ) কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক মুর্তজা আহমেদ ফারুক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে নতুন কূপে ড্রিলিং স্টিম টেস্ট-ডিএসটি (গ্যাসস্তরে কতটুকু গ্যাস আছে এবং দৈনিক কী পরিমাণ গ্যাস উত্তোলন করা যাবে তা নির্ণয়ের পরীক্ষা) শুরু করার পর বিকাল থেকে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।” “এ পরীক্ষা চালানোর পর কমপক্ষে এক মাস সময় লাগে পাইপলাইনে গ্যাস সরবরাহ করতে। সে হিসেবে জানুয়ারির শেষ সপ্তাহে সরবরাহ করা সম্ভব হবে,” বলেন তিনি। সালদা-ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উন্নয়নের কাজ শেষ হলে এ কূপ থেকে দৈনিক সাড়ে তিন কোটি ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা যাবে”। সালদা-ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র উন্নয়ন প্রকল্পের কাজ চলছে পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) আওতায়। নতুন এ কূপ থেকে উৎপাদন শুরু হলে দেশে চালু কূপের সংখ্যা দাঁড়াবে ৮১টি। বর্তমানে এ গ্যাসক্ষেত্র থেকে দৈনিক দুই কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। বর্তমানে দেশে ২৪টি গ্যাস ক্ষেত্রের মধ্যে উৎপাদনে রয়েছে ১৭টি। এ প্রকল্পে গত ১০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সালদা গ্যাসক্ষেত্রের তৃতীয় কূপ থেকে দৈনিক আড়াই কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০৪৫ ঘ.