ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিজয় লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষে স্মারক মুদ্রা ও নোট প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা রচনার ৯০ বছর পূর্তি উপলক্ষেও স্মারক মুদ্রা ছাড়ছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সোমবার এ দুটি স্মারক মুদ্রা ও নোট অবমুক্ত করবেন বলে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ উপলক্ষে সোমবার দুপুর সাড়ে ৩টায় বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “গভর্নর স্বাক্ষরিত নোটের এক পিঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং প্রতিকৃতির উপরে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এবং নিচের দিকে 'Bangabandhu Sheikh Mujibur Rahman' ও বাংলায় ‘বাংলাদেশ ব্যাংক’ ইংরেজিতে 'BANGLADESH BANK' এবং প্রতিকৃতির বামে '10' ও 'TEN TAKA' মুদ্রিত আছে। মুদ্রার অপর পিঠে ছয়জন বীর মুক্তিযোদ্ধার প্রতিকৃতি এবং প্রতিকৃতির উপরে ‘বাংলাদেশের ৪০তম বিজয় বার্ষিকী’ ও নিচে ইংরেজিতে '40th Victory Anniversary of Bangladesh' ও '2011' মুদ্রিত আছে।”
এছাড়া ‘বিদ্রোহী’ কবিতা রচনার ৯০ বছর উপলক্ষে করা মুদ্রার এক পিঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি এবং প্রতিকৃতির উপরে “‘বিদ্রোহী’ কবিতার ৯০ বছর’’ এবং নিচের দিকে 'Poet Kazi Nazrul Islam' ও '90 Years of the Poem 'BIDROHI' 1921-2011 মুদ্রিত আছে এবং প্রতিকৃতির বামে '10' ও 'TEN TAKA' মুদ্রিত আছে। মুদ্রার অপর পিঠে “বল বীর - বল উন্নত মম শির! শির নেহারী’ আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির!’’ বিদ্রোহী কবিতার এ পঙক্তিগুলো ও কাজী নজরুল ইসলামের স্বাক্ষর এবং ওপরে বাংলায় ‘বাংলাদেশ ব্যাংক' ও নিচে ইংরেজিতে 'BANGLADESH BANK' ও '2011' মুদ্রিত আছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিস থেকে সুদৃশ্য বাক্সসহ রৌপ্য নির্মিত একটি স্মারক মুদ্রা নগদ তিন হাজার ৫০০ টাকায়, ফোল্ডার ও খামসহ একটি স্মারক নোট ২০০ টাকা মাত্র এবং শুধু নোট ৪০ টাকা মূল্যে পাওয়া যাবে।
পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা অফিস এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে নগদ মূল্যে এ স্মারক মুদ্রা ও নোট পাওয়া যাবে।
পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ী হয় বাংলাদেশ। এর মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে অভ্যুদয় ঘটে বাংলাদেশের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/পিডি/২৩৪২ ঘ.
bdnews24