২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ‘ফাঁকি’ নিয়ে ইউনিলিভারের বক্তব্য

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ৪৪ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে বলে মহা হিসাব নিরীক্ষকের দপ্তর যে প্রতিবেদন দিয়েছে, তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে বহুজাতিক এ প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ৪৪ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে বলে মহা হিসাব নিরীক্ষকের দপ্তর যে প্রতিবেদন দিয়েছে, তা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে বহুজাতিক এ প্রতিষ্ঠান।

মহাহিসাব নিরীক্ষকের (সিএজি) দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড নিয়ম অনুযায়ী সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ না করায় সরকার ৪৪ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব হারিয়েছে।

ওই পাওনা আদায়ে প্রয়োজনীয় তথ্য আদালতে তুলে ধরতে কর কর্তৃপক্ষকে সুপারিশও করে মহা হিসাব নিরীক্ষকের দপ্তর।

এর ওপর ভিত্তি করে গত ১০ ডিসেম্বর ‘ইউনিলিভারের কাছ থেকে ‘পাওনা’ আদায়ে তাগিদ’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

ওই প্রতিবেদনের বিষয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পাঠানো এক বিবৃতিতে বলেছে, “মহা হিসাব নিরীক্ষকের দপ্তরের ওই প্রতিবেদন সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং তা বিদ্যমান আইন, কোম্পানির আইন, আয়কর অধ্যাদেশ ও ভ্যাট আইনসহ ব্যবসার প্রক্রিয়া না বুঝে করা হয়েছে।”

এতে বলা হয়, ইউনিলিভার এসব অভিযোগ নাকচ করে ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট ও মহাহিসাব নিরীক্ষকের দপ্তরে নিজেদের বক্তব্য তুলে ধরেছে।

“এসব নিয়মবহির্ভূত দাবির বৈধতা চ্যালেঞ্জ করে যথাযথ বিচারিক ফোরামেও গেছে ইউনিলিভার, যা এখন বিচারাধীন,” বলা হয় বিবৃতিতে।

ইউনিলিভার বলছে, ২০০৪ সালের ৪ ডিসেম্বর এনবিআর’র জারি করা ভ্যাট আইন ও আদেশ (জেনারেল অর্ডার) অনুযায়ী প্রযোজ্য সব ভ্যাট ও সম্পূরক শুল্ক সময়মতো পরিশোধ করেছে তারা।

তারা আরো বলছে, এ ধরনের অভিযোগ দেশে শিল্পায়নের ক্ষেত্রে ‘ভুল’ ইঙ্গিত দেবে এবং তাতে ইউনিলিভার বাংলাদেশের মতো সৎ করদাতারা নিরুৎসাহিত হবে।

জাতীয় রাজস্ব বোর্ড অর্থ ফেরত চেয়ে নোটিস দিলে ইউনিলিভার ২০০৯ সালে তা চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট আবেদন করে।

মহাহিসাব নিরীক্ষকের দপ্তরের নিরীক্ষা প্রতিবেদন বলছে, ২০০৫-০৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি চট্টগ্রামের কারখানায় বিভিন্ন প্রসাধন সামগ্রী উৎপাদন করে গাজীপুরের টঙ্গীতে তাদের নিজস্ব কেন্দ্রীয় গুদামে বিক্রি দেখিয়ে উৎপাদক হিসেবে ভ্যাট দিয়েছে। আর গুদাম থেকে ডিস্ট্রিবিউটরদের কাছে বিক্রির জন্য আবারো মূল্য ঘোষণা করে তার বিপরীতে ভ্যাট দিয়েছে তারা।

এতে উৎপাদনস্থলে কর জমা না হওয়ায় সরকার সম্পূরক শুল্ক ও ভ্যাট বাবদ ৪৪ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব হারিয়েছে বলে মহাহিসাব নিরীক্ষকের দপ্তর জানায়।

ইউনিলিভার বাংলাদেশ বলেছে, তাদের পণ্য চট্টগ্রামের কালুরঘাটে নিজস্ব কারখানার পাশাপাশি গাজীপুরের কিছু কারখানায়ও তারা চুক্তির ভিত্তিতে পণ্য উৎপাদন করে।

“সব পণ্য কেন্দ্রীয় বিপণন কেন্দ্র থেকে বিক্রি হয়। কারখানা ও বিপণন কেন্দ্রগুলো ভ্যাট আইন ও সম্পূরক শুল্কের আওতায় নিবন্ধিত এবং ভ্যাট আইন অনুযায়ী ভ্যাট পরিশোধ করা হয়,” বলা হয় বিবৃতিতে।

বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ৬০ দশমিক ৭৫ শতাংশের মালিকানা ইউনিলিভারের এবং ৩৯ দশমিক ২৫ শতাংশের মালিকানা বাংলাদেশ সরকারের।

বাংলাদেশে সাবান ও বিভিন্ন প্রসাধন সামগ্রী প্রস্তুত ও বাজারজাত করে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং দেশের ৯০ শতাংশেরও বেশি ঘরে ইউনিলিভারের এক বা একাধিক পণ্য ব্যবহার করা হয়।

দেশের প্রায় ১০ হাজারের বেশি মানুষ ইউনিলিভারের সঙ্গে প্রত্যক্ষ এবং সরবরাহকারী, বিতরণকারী ও সেবাদাতা হিসেবে কর্মরত আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২০২৫ ঘ.