চট্টগ্রাম, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে নেদারল্যান্ডস দূতাবাস।
বৃহস্পতিবার দুপুরে সিসিসিআই কার্যালয়ে এক অনুষ্ঠানে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম এবং বাংলাদেশে ডাচ রাষ্ট্রদূত আলফনস হেনিকেনস এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় দুই দেশের ব্যবসা ও বিনিয়োগ স¤প্রসারণ, পারস্পরিক তথ্য আদান-প্রদান ও লজিস্টিক সহায়তা দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বলেন, দ্রুত ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে শিল্পায়নের বিকল্প নেই। বর্তমান সরকারের পরিবেশবান্ধব শিল্পনীতি হাইটেক ইন্ডাস্ট্রিসহ দেশি-বিদেশী বিনিয়োগ আকর্ষণে কার্যকর ভূমিকা পালন করবে।
দ্বি-পাক্ষিক এ চুক্তি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে ব্যাপক আবদান রাখবে বলে আশা প্রকাশ করেন শিল্পমন্ত্রী।
চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ বলেন, চট্টগ্রাম অঞ্চলের ব্যবসা- বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ চুক্তি নব অধ্যায়ের সূচনা করবে।
বন্দরের অবস্থান ও কারিগরি সুবিধার কারণে চট্টগ্রাম বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডাচ রাষ্ট্রদূত বলেন, পারস্পরিক তথ্য আদান-প্রদানের লক্ষ্যে আগামী বছর ‘ট্রেড ইনফরমেশন ডে’ পালন করা হবে।
সিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম গভীর সমুদ্র বন্দর স্থাপন এবং অবকাঠামো উন্নয়নে ডাচ সরকার ও উদ্যোক্তাদের বিনিয়োগ নিশ্চিত করতে ডাচ রাষ্ট্রদূতের সহযোগিতা প্রত্যাশা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৯৫২ ঘ.
bdnews24