২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোরো মৌসুমে লোড শেডিং সহনীয় রাখার আশা

বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আগামী বোরো মৌসুমে ঘাটতি থাকবে কম। ফলে সেচ পাম্পগুলো পুরোদমে চালু থাকলেও লোড শেডিং সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছেন কর্মকর্তারা। জানাচ্ছেন আমিনূর রহমান রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 06:21 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আগামী বোরো মৌসুমে ঘাটতি থাকবে কম। ফলে সেচ পাম্পগুলো পুরোদমে চালু থাকলেও লোড শেডিং সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করছেন কর্মকর্তারা। বোরো মৌসুমে ফেব্র“য়ারি থেকে এপ্রিল পর্যন্ত সচরাচর সেচ পাম্পগুলো চালানোর জন্য পল্লীতে বিদ্যুতের আওতাধীন এলাকায় সরবরাহ বাড়ানো হয়। এতে শহরে লোড শেডিংয়ের মাত্রা বেড়ে যায়। বিদ্যুৎ সচিব মো. আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বোরো মৌসুমের শুরুর দিকে সেচসহ অফ-পিক সময়ে (রাত ১১টা থেকে বিকাল ৫ টা) মোট বিদ্যুৎ চাহিদা ধরা হয়েছে ৪ হাজার ৪৮৩ মেগাওয়াট, যা ক্রমান্বয়ে বেড়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ৫ হাজার ৪৪৬ মেগাওয়াট হবে। এই সময়ে সম্ভাব্য বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ৪ হাজার ৫৩১ থেকে ৫ হাজার ৫৪ মেগাওয়াট। সেই হিসেবে এ সময়ে ঘাটতি থাকবে ২৫০ থেকে ৩০০ মেগাওয়াট। এছাড়া সেচসহ পিক সময়ে (বিকাল ৫টা থেকে রাত ১১টা) মোট বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে ৭ হাজার ১২৫ মেগাওয়াট। এই সময়ে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ৫ হাজার ৩৩০ থেকে ৫ হাজার ৯৪৫ মেগাওয়াট। সে হিসেবে ঘাটতি ১১০০ থেকে ১২০০ মেগাওয়াটের মতো ঘাটতি থাকবে। বিদ্যুৎ সচিব বলেন, এবার সেচের জন্য ১ হাজার ৫৩৯ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হবে। গত বছর সেচের জন্য বিদ্যুতের চাহিদা ছিলো ১ হাজার ৪০০ মেগাওয়াট। গত বছর অফ-পিক সময়ে (রাত ১১টা থেকে বিকাল ৫টা) সেচসহ বিদ্যুতের মোট চাহিদা ছিলো গড়ে ৫ হাজার ৭০০ মেগাওয়াটের মতো। ওই সময়ে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিলো গড়ে প্রায় ৪ হাজার ৪০০ মেগাওয়াট। সেই হিসেবে ঘাটতি ছিলো হাজার মেগাওয়াটের মতো। আর পিক সময়ে মোট বিদ্যুতের চাহিদা ধরা হয়েছিলো গড়ে ছয় হাজার ৫০০ মেগাওয়াটের মতো। উৎপাদনের পরিমাণ ছিলো গড়ে ৪ হাজার ৭০০ মেগাওয়াট। ঘাটতি ছিল ১৮০০ থেকে ২০০০ মেগাওয়াট। গত বছরের তুলনায় এবার ঘাটতির পরিমাণ গড়ে ৭০০ থেকে ৮০০ মেগাওয়াট কমে আসলে সেচ মৌসুমে লোডশেডিংও কমে আসবে বলে মনে করেন বিদ্যুৎ সচিব। “চলতি মাস থেকে আগামী বছরে এপ্রিল পর্যন্ত আরো কয়েকশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করছি। এছাড়া গত বছর একই সময়ে বিশ্বকাপ ক্রিকেট খেলা চলার কারণে বাড়তি কয়েকশ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। এবার বাড়তি বিদ্যুতের প্রয়োজন নেই। তাই পরিস্থিতি গত বছরের চেয়ে তুলনামূলক অনেক ভালো থাকবে।” দেশে বর্তমানে ৭ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে দৈনিক বিদ্যুতের গড় উৎপাদন ৫ হাজার মেগাওয়াটেরও কিছু বেশি। সচিব জানান, এ বছর বোরো মৌসুমে সেচের জন্য রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিতরণ ব্যবস্থায় যাতে কোনো সমস্যা না হয়- সেজন্য সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত সেচ পাম্প বন্ধ রাখতে কৃষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, এবার সেচ মৌসুমে ৩ লাখ ১ হাজার ৬৩১টি সেচ পাম্প চালু থাকবে, যা গত বছরের চেয়ে ৮ শতাংশ বেশি। ২০১১ সালে মোট ২ লাখ ৭৮ হাজার ২১টি পাম্প সেচ কাজে ব্যবহার হয়েছিলো। এসব পাম্পের মধ্যে রংপুরে ২৭ শতাংশ, ঢাকায় ১১ শতাংশ, ময়মনসিংহে ১৯ শতাংশ, রাজশাহীতে ২০ শতাংশ, বরিশালে ১ শতাংশ, খুলনায় ১২ শতাংশ, চট্টগ্রামে ২ শতাংশ, কুমিল্লায় ৭ শতাংশ এবং সিলেটে ১ শতাংশ ব্যবহার হয় বলে জানান তিনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০১৬ সালের মধ্যে উৎপাদন প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা নেয়। এ পরিকল্পনা অনুযায়ী এ পর্যন্ত ৪৯টি বিদ্যুুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি হয়েছে। এর মধ্যে ১৭টি দ্রুত ভাড়াভিত্তিক, তিনটি ভাড়াভিত্তিক, ১১টি আইপিপি (ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) এবং ১৮টি সরকারি। এর অংশ হিসেবে গত প্রায় তিন বছরে ২ হাজার ৪০৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এর মধ্যে রয়েছে এ সরকারের আমলে নির্মিত ২০টি কেন্দ্র থেকে ১৫৮১ মেগাওয়াট এবং বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চুক্তি করা বিদ্যুৎ কেন্দ্র থেকে ৮২৫ মেগাওয়াট। মো. আবুল কালাম আজাদ জানান, সেচের সময়ে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে সারা দেশকে নয়টি অঞ্চলে ভাগ করে নয়টি লোড ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। অঞ্চলগুলো হলো- ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা (বৃহত্তর নোয়াখালীসহ), চট্টগ্রাম, খুলনা (খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর) বরিশাল, রাজশাহী (বৃহত্তর রাজশাহী, পাবনা ও বগুড়া) এবং রংপুর (বৃহত্তর রংপুর ও দিনাজপুর)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১২১৫ ঘ.