আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আরো এক দফা বাড়ানোর ঘোষণা আসছে বৃহস্পতিবার।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য সেলিম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
“গ্রাহক পর্যায়ে (খুচরা) বিদ্যুতের দাম বাড়ছে। ইতোমধ্যে এ ব্যাপারে সব প্রক্রিয়াও শেষ হয়েছে”, বলেন তিনি।
তবে দাম কতো শতাংশ বাড়ছে সে বিষয়ে এখনই কিছু বলতে রাজি হননি কমিশন সদস্য।
চলতি বছর এর আগেও একবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম অন্তবর্তী সময়ের জন্য পাঁচ শতাংশ বাড়িয়ে চার টাকা ২০ পয়সা করার ওই সিদ্ধান্ত কার্যকর হয়েছিল গত ১ ফেব্র“য়ারি থেকে।
তবে আবাসিক গ্রাহকদের ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে, সেচ সংযোগ এবং অনাবাসিক (ধর্মীয়, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান ) গ্রাহকের জন্য এই বর্ধিত দাম কার্যকর হয়নি।
দ্বিতীয় দফা দাম বৃদ্ধির জন্য গত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ বিতরণকারী সব সংস্থার গণশুনানি হয়। এর মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) গড়ে ১২ দশমিক ৯৭ শতাংশ, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ১৮ দশমিক ৯৯ শতাংশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ২১ দশমিক ৯৪ শতাংশ, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ১১ দশমিক ৯৩ শতাংশ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয়।
বিইআরসি সদস্য সেলিম মাহমুদ বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ছাড়া বাকি সব সংস্থার ট্যারিফের হার একই হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৮৩০ ঘ.
bdnews24