২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে সংশয় খোদ অর্থমন্ত্রীর

বিনিয়োগে খরার কারণে চলতি অর্থবছরে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে কি না, তা নিয়ে নিজেই সংশয় প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 08:50 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগে খরার কারণে চলতি অর্থবছরে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে কি না, তা নিয়ে নিজেই সংশয় প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সরকারের তথ্য অনুযায়ী, গত ২০১০-১১ অর্থবছরে ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছিলো। চলতি অর্থবছরের বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ শতাংশ। বুধবার রূপসী বাংলা হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, “আই অ্যাম নট শিওর, হোয়ার উই উইল গো (আমি নিশ্চিত না, এবার তা কোথায় দাঁড়াবে)”। মন্ত্রী বলেন, সরকার ৭-৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের আশার কথা বলেছে। তা অর্জন করতে হলে অবশ্যই বিনিয়োগ বাড়াতে হবে। “দেশে বিনিয়োগের হার খুবই কম। গত এক দশক ধরেই বিনিয়োগের হার ২৪ শতাংশের কাছাকাছি। কোনো দেশ যখন তার জিডিপির হার ৭ কিংবা ৮ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করে, তখন বিনিয়োগের এই চিত্র মোটেও সন্তোষজনক নয়,” বলেন তিনি। মূল্যস্ফীতিও কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জনের পথে এটি একটি বড় বাধা হিসেবে কাজ করছে বলে জানান অর্থমন্ত্রী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার ছিলো ১১ দশমিক ৫৮ শতাংশ। অক্টোবর মাসে এই হার ছিলো ১১ দশমিক ৪২ শতাংশ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান বিরোধী দলের সমালোচনা এবং অর্থনীতিবিদদের আশঙ্কার জবাবে অর্থমন্ত্রী এর আগে বলেছিলেন, বিনিয়োগ ও লেনদেন ভারসাম্য নিয়ে তিনি চিন্তিত, মূল্যস্ফীতি নিয়ে নন। দেশের অর্থনীতি ভালো অবস্থায় আছে বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মুহিত বুধবার বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। কিন্তু তারপরও তা সহনীয় রাখা কঠিন হয়ে পড়েছে। “অনেক সময় বিশ্বমন্দা সরকারের নীতিকে সমস্যায় ফেলে দেয়, যেমনটা এ বছর ঘটেছে। আন্তর্জাতিক মূল্যস্ফীতি দেশে মারাত্মক প্রভাব ফেলেছে। যার ফলে সরকারকে ব্যাংক থেকে অনেক বেশি ঋণ নিতে হচ্ছে। এটি আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিচ্ছে,” বলেন তিনি। সরকারের ‘অতিরিক্ত’ ব্যাংক ঋণের সমালোচনা করে আসছে বিরোধী দল। এর পাশাপাশি ব্যবসায়ী নেতারাও ব্যাংক ঋণ আর না নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে। সরকারি ব্যয় বৃদ্ধির অভিযোগ এলেও তা নাকচ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে সরকারি ব্যয় কখনোই ১৫ শতাংশের বেশি হয়নি, যা নেপালের চেয়ে অনেক কম। বেশি দামে সরকারের বিদ্যুৎ উৎপাদনের সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন, “মিডিয়ায় বেশি দামে বিদ্যুৎ উৎপাদনের সমালোচনা করা হচ্ছে। অর্থনীতিবিদরাও একই কথা বলছেন। কিন্তু আমি এই বিষয়ে চিন্তিত নই। বিদ্যুতের উৎপাদন বাড়ার কারণেই গত বছর দেশের রপ্তানি প্রবৃদ্ধি ৪১ শতাংশ হয়েছিলো। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার কথা স্বীকার করেন তিনি। দক্ষিণ এশিয়া নেটওয়ার্ক ফর ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউট (সানি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন সানির গবেষণা প্যানেলের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক টি এন শ্রীনিবাসন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সানির সমন্বয়ক ও বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরি এবং গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের কর্মসূচি ব্যবস্থাপক রামোনা মার্গারেটা নাকভি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯২৬ ঘ.