২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৫ শতাংশ মানুষ উন্নয়নের বাইরে’

দেশের ১৫ শতাংশ মানুষ অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের বাইরে রয়েছে জানিয়ে তাদের সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2011, 07:51 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১৫ শতাংশ মানুষ অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমের বাইরে রয়েছে জানিয়ে তাদের সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি বলেছেন, এই জনগোষ্ঠীকে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে না পারলে কাক্সিক্ষত অর্থনৈতিক সমৃদ্ধি আসবে না। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সার্ক দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে ‘অন্তর্ভুক্তিমুলক অর্থনীতি: কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে রেহমান সোবহান এই কথা বলেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক সোবহান বলেন, “ক্ষুদ্রঋণ ও স্বল্প বিনিয়োগ অর্থনীতিতে নিরবে বিপুল অবদান রাখছে। তাদের অর্থপ্রাপ্তি ও বাণিজ্য স¤প্রসারণে আরো সহায়তা দরকার। এটি একাধারে বিনিয়োগ ও কাজের সুযোগ বৃদ্ধি করবে।” ক্ষুদ্র বিনিয়োগের পরিমাণ, সামর্থ্য ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সহায়তা ও নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। সেমিনারের সভাপতি বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আতিউর রহমান বলেন, “এখন সবার জন্যে অর্থের সরবরাহ নিশ্চিত করা খুব জরুরি। আমাদের দেশের ক্ষুদ্র ও ছোট উদ্যোক্তাদের জন্যে ঋণের প্রবাহ কীভাবে আরে বাড়ানো যায়, সেই লক্ষ্যে নীতিগত কাজ চলছে। এই কাজে মোবাইল প্রযুক্তি, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদি প্রযুক্তির সহায়তা কিভাবে আরো বাড়ানো যায়, সেই চেষ্টা করা হচ্ছে।” পরবর্তী বিশ্বমন্দার প্রভাব মোকাবেলায় সতর্ক হয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলে জানান তিনি। গভর্নর জানান, গ্রাহকদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংকে একটি বিশেষ সেল খোলা হয়েছে। কোনো ব্যাংকের সেবা নিয়ে অভিযোগ থাকলে ১৬২৩৬ নম্বরে যেকোন নম্বর থেকে ফোন করে অভিযোগ জানানো যাবে। “গুরুতর অভিযোগ হলে ই মেইল করবেন। বাংলাদেশ ব্যাংকের একটি টিম তা তদন্ত করে দেখবে,” বলেন তিনি। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গর্ভনরের জ্যেষ্ঠ পরামর্শক ড. হাসান জামান। বক্তব্য দেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি আব্দুল মোমিন, বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা মো. আখতারুজ্জামান। দুই পর্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সকালের পর্বে সভাপতিত্ব করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান। বিকালের পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ড স্টাডিজের মহাপরিচালক ড. মুস্তফা কে মুজেরী। সেমিনারে সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরআরডি/এমআই/০১০৪ ঘ.