চট্টগ্রাম, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে কন্টেইনার ব্যবস্থাপনার স্বয়ংক্রিয় পদ্ধতি সিটিএমএস।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান হবে বেলা আড়াইটায়, বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী মিলনায়তনে।
সিটিএমএস (কন্টেইনার টার্মিনাল ম্যানেজম্যান্ট সিস্টেম) প্রকল্পের পরিচালক খায়রুল মোস্তফা জানান, গত ১০ অক্টোবর চট্টগ্রাম বন্দরে পরীক্ষামূলকভাবে সিটিএমএস চালু হয়েছিল। প্রাথমিকভাবে পোশক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর রপ্তানিমুখী কন্টেইনার এর বাইরে রাখা হয়েছিল।
“২৭ ডিসেম্বর থেকে পূর্ণাঙ্গভাবে কন্টেইনার ব্যবস্থাপনার এ স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হতে যাচ্ছে”, বলেন তিনি।
এর আগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পুরোপুরিভাবে সিটিএমএস চালুর ঘোষণা দিলেও বিজিএমইএ নেতাদের দাবির মুখে দুই দফা তা পেছানো হয়।
সিটিএমএস প্রক্রিয়ায় জেটিতে জাহাজ ভেড়ার ২৪ ঘণ্টা আগে পণ্যভর্তি কন্টেইনার বন্দরে জমা দিতে হবে। কিন্তু ‘কাট অফ টাইম’ সুবিধার আওতায় তৈরি পোশাক মালিকরা এখন বন্দরে জাহাজ ভেড়ার ২৪ ঘণ্টা পর কন্টেইনার জমা দেন।
বন্দর সচিব জানান, পোশাক মালিকদের সংগঠনের দাবির প্রেক্ষিতে এখন থেকে বিজিএমইএর কন্টেইনারগুলো জাহাজ ভেড়ার ১২ ঘণ্টা আগে জমা দিতে হবে।
সিটিএমএস প্রক্রিয়ায় কন্টেইনারের অবস্থান সহজেই অনলাইনে জানা যাবে। এতে বন্দরের দক্ষতা এবং কন্টেইনার রাখার জায়গা ৫০ শতাংশ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২০১৩ ঘ.
bdnews24