ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ সেবায় বিটিআরসির নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আবেদনপত্র যাচাই কমিটিতে মন্ত্রণালয় ও বুয়েটের দুই বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
রোববার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ সুপারিশ করে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক দূরপাল্লার টেলিযোগাযোগ সেবা নীতিমালা-২০১০ গৃহীত হওয়ায় বিটিআরসি নতুন লাইসেন্স দেওয়ার জন্য আবেদন আহ্বান করে। আইজিডব্লিউয়ের (ইন্টারন্যাশনাল গেটওয়ে) জন্য ৪৩টি, আইসিএক্সের জন্য (ইন্টারকানেকশন এক্সচেঞ্জ) ৫১টি এবং আইআইজির (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) জন্য ৫৯টিসহ মোট ১৫৩টি আবেদন জমা পড়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “এগুলো স্বচ্ছ ও সুন্দরভাবে মূল্যায়নের জন্য বিটিআরসি গঠিত সাত সদস্যের প্রতিটি কমিটির সঙ্গে মন্ত্রণালয় থেকে একজন এবং বুয়েট অথবা অন্য কোনো দপ্তর থেকে একজন বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করে প্রাপ্ত আবেদনপত্রগুলো মূল্যায়ন করার সুপারিশ করে সংসদীয় কমিটি।”
বৈঠকে অবৈধ পন্থায় আন্তর্জাতিক কল টার্মিনেশন রোধ করার লক্ষ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডকে (বিটিসিএল) প্রয়োজনে তাদের নিজস্ব তহবিল থেকে বিকল যন্ত্রপাতি সংস্কার করার পদক্ষেপ নিতে বলে স্থায়ী কমিটি।
একই সঙ্গে যে সব প্রতিষ্ঠানের কাছে তাদের জমাকৃত ব্যাংক গ্যারান্টির চেয়ে অতিরিক্ত পাওনা আছে, সে সব প্রতিষ্ঠানের কাছ থেকে ৬০ দিনের মধ্যে তা আদায়ের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
এছাড়া বিটিসিএল’র কত টাকা কোন ব্যাংকে জমা আছে সে সম্পর্কে একটি প্রতিবেদন কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
আন্তর্জাতিক কল রেট ৩ সেন্ট থেকে বাড়িয়ে ৩ দশমিক ৪৫ সেন্ট করার ফলে কলের পরিমাণ বেড়েছে নাকি কমেছে সে বিষয়ে একটি প্রতিবেদন কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করার জন্য বিটিসিএলকে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।
সংসদ ভবনে হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আসম ফিরোজ, মো. নজরুল ইসলাম বাবু, মোয়াজ্জেম হোসেন রতন এবং গোলাম মোস্তফা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/২১৩৭ ঘ.
bdnews24