২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদন বন্ধ, কারখানা কর্মকর্তাকে মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণায় বিক্ষুব্ধ শ্রমিকরা তিন কর্মকর্তাকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণায় বিক্ষুব্ধ শ্রমিকরা তিন কর্মকর্তাকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে ফতুল্লার দাপায় হামিদ ফ্যাশন লিমিটেডে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার কর্তৃপক্ষ কারখানাটি ৩১ ডিসেম্বর পর্যন্ত উৎপাদন বন্ধের নোটিশ দেয়। এতে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠলে কর্মকর্তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্রমিকরা উৎপাদন ব্যবস্থাপক (পিএম) রুস্তম আলী, নিটিং ইনচার্জ নুরুল হক ও কামাল হোসেনকে মারধর করে, বলেন ওসি। তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারখানায় পুলিশ মোতায়েন রয়েছে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে শ্রমিকরা কারখানায় লে-অফ ঘোষণার নোটিশ দেখে উত্তেজিত হয়ে ওঠে। তারা কারখানার ভিতরে বিক্ষোভ-মিছিল করে এবং তিন কর্মকর্তাকে মারধর করে। এ ব্যাপারে কথা বলার জন্য শ্রমিকদের কাউকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪২ ঘ.