২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজৈব লবণ আমদানির অনুমতি চায় চট্টগ্রাম চেম্বার

শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত পরিশোধিত অজৈব লবণ আমদানির আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছে চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত পরিশোধিত অজৈব লবণ আমদানির আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েছে চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিসিসিআই। শনিবার বাণিজ্যমন্ত্রীর কাছে পাঠানো এক ফ্যাক্সবার্তায় চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, “এসআরও নম্বর ২৭৯-আইন/২০১১ অনুযায়ী আমদানি নীতি আদেশ, ২০০৯-২০১২ বিধানে পরিশোধিত বা বোল্ডার বা অন্যবিধ লবণ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।” ওই এসআরও সংশোধন করে নিষেধাজ্ঞা তুলে নিয়ে শিল্প খাতের উন্নয়নে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান তিনি। গত ৬ সেপ্টেম্বর এই এসআরও জারি করা হয়। চট্টগ্রাম চেম্বার সভাপতি বলেন, কাস্টমস আইন ১৯৬৯-এর ফার্স্ট শিডিউলের ২৮ ও ২৯ অধ্যায় এর আওতাভুক্ত কেমিক্যাল পণ্য উৎপাদনকারী স্বীকৃত শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট শিল্পের মৌলিক কাঁচামাল হিসেবে লবণ আমদানি করতে পারবে। তিনি বলেন, কেমিক্যাল পণ্য উৎপাদকারী প্রতিষ্ঠান ছাড়াও ওষুধ, প্রসাধনী, চামড়া, টেক্সটাইল, ডায়িংসহ শিল্প প্রতিষ্ঠানগুলো এবং বাণিজ্যিক আমদানিকারকরা অজৈব লবণ মিশ্রিত বিভিন্ন কেমিক্যাল (সোডিয়াম সালফেট এনহাইড্রাস, অ্যামোনিয়াম কার্বোনেটস্, সোডা এ্যাশ লাইট, সোডিয়াম বাই কার্বোনেট) আমদানি করেন যা শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। “কিন্তু এসআরওতে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না থাকায় এসব শিল্প প্রতিষ্ঠান ও বাণিজ্যিক আমদানকারকদের অনেক চালান শুল্ক কর্তৃপক্ষ ছাড় না দেওয়ায় শিল্প প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।” এছাড়া বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে বলে ফ্যাক্সবার্তায় উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএইচ/পিডি/২১৩৪ ঘ.