নয়া দিল্লি, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিক বাণিজ্য ও শুল্ক ব্যবস্থাপনায় আগ্রহী বাংলাদেশ এসকাপের সক্রিয় ভূমিকা চায়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৃহস্পতিবার নয়া দিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, “অর্থনৈতিক মন্দার কারণে বৃহৎ অর্থনীতির দেশগুলোর সঙ্গে বাণিজ্য কমে আসার বিষয়টি কাটিয়ে উঠতে ভূমিকা রাখতে পারে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম এশিয়ায় আন্তঃআঞ্চলিক বাণিজ্য।”
“সদস্য দেশগুলোর মধ্যে একটি সমতাভিত্তিক আন্তঃআঞ্চলিক অগ্রাধিকারপ্রাপ্ত বাণিজ্য ও শুল্ক ব্যবস্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসএসডব্লিএ।”
ভারতের রাজধানীতে ইউনাইটেড নেশন্স ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (ইউএনইএসসিএপি) ‘দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার’ (এসএসডব্লিএ) উপ-কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
এসএসডব্লিউএ’র ১০টি দেশের জন্য এসকাপের খোলা এ আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে এ অঞ্চলের উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে একটি উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী আলোচনাও হয় এদিন।
এতে আতিউর বলেন, “২০০৮-০৯ অর্থবছরে বিশ্বমন্দার মূল কারণ ছিল ব্যক্তি ও কর্পোরেট খাতের দায়িত্বহীন ঋণ বৃদ্ধি। আর ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সংকটের কারণ সরকারি খাতে টেকসই নয় এমন ঋণ বৃদ্ধি।”
উত্তর আমেরিকা ও ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশগুলোর মন্দাবস্থা আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “ওই দেশগুলোর অভ্যন্তরীণ বাজারে চাহিদা ঘাটতি উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মারাত্মক প্রভাব ফেলেছে। দীর্ঘস্থায়ী মন্দার কারণে উন্নত দেশগুলোর বিনিয়োগ প্রবাহ আরো কমে যেতে পারে। ফলে হুমকির মুখে পড়বে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি।”
এ ক্ষেত্রে প্রবৃদ্ধি পুনরুদ্ধারে নতুন কোনো অর্থনৈতিক হুমকি সাবলীলভাবে মোকাবিলার জন্য অভ্যন্তরীণ ও বৈশ্বিক উভয় ক্ষেত্রেই উপযুক্ত পরিকল্পনা নেওয়া জরুরি বলে মনে করেন গভর্নর আতিউর।
তিনি বলেন, “সা¤প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা থেকে সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থার শিক্ষা নেওয়াই প্রথম গুরুত্ব পাওয়া উচিত। এসএসডব্লিএভুক্ত দেশগুলোকে টেকসই পর্যায়ে সরকারি ও বেসরকারি উভয় খাতে ঋণ কমিয়ে তাদের নিজ নিজ অর্থনীতির পুঁজির ভারসাম্য ও স্থিতিশীলতা রক্ষা করতে হবে।”
এসএসডব্লিএভুক্ত দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০০৮ এবং ২০০৯ সালে নিুমুখী ছিল বলেও উল্লেখ করেন গভর্নর।
তিনি বলেন, প্রবৃদ্ধি সামান্য নিুমুখী হলেও ২০০৮-০৯ সালে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতি বাংলাদেশ সাফল্যের সঙ্গে মোকাবেলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/২৩১৮ ঘ.
bdnews24