২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভ্যাট ‘ফাঁকি’র বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বক্তব্য

মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের প্রতিবেদনের ওপর ভিত্তি করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভ্যাট ফাঁকি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ প্রকাশিত সংবাদের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য দিয়েছে বহুজাতিক এই ব্যাংকটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 11:23 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের প্রতিবেদনের ওপর ভিত্তি করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভ্যাট ফাঁকি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এ প্রকাশিত সংবাদের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য দিয়েছে বহুজাতিক এই ব্যাংকটি। মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, পাওনা দাবির এই বিষয়ে তাদের অবস্থানের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের অবস্থানের মধ্যে ফারাক রয়েছে এবং বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টে বিচারাধীন। বিচারাধীন এই বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সরাসরি কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে পারছে না বলে ব্যাংকটির হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স বিটপি দাস চৌধুরী স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়। মহাহিসাব নিরীক্ষকের দপ্তরের প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত ১১ নভেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে উৎসে মূল্য সংযোজন কর সঠিকভাবে না কাটায় সরকার ৩ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা রাজস্ব হারিয়েছে। মহা হিসাব নিরীক্ষকের (সিএজি) দপ্তর তা আদায়ের জন্য রাজস্ব বিভাগকে তাগিদ দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটে এ বহুজাতিক ব্যাংকের জমা দেওয়া ২০০৬-০৭ অর্থবছরের বার্ষিক সার্টিফাইড অ্যাকাউন্টস, মাসিক দাখিলপত্র ও সরকারি কোষাগারে জমার চালানসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ের এই প্রতিবেদন স¤প্রতি তৈরি হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বলছে, তারা দেশের প্রচলিত নিয়ম মেনে সরকারকে সব ধরনের কর দিয়ে আসছে। বাংলাদেশে বিদেশি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে পুরনো ও বড় এই ব্যাংকটি ১৯৪৮ সালে চট্টগ্রামে একটি শাখা খুলে এদেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে সারাদেশে এ ব্যাংকের ২৬টি শাখা, ৫৭টি এটিএম বুথ এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বগুড়া ও নারায়ণগঞ্জে সাতটি গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৭২০ ঘ.