২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতীয় শুল্ক কর্তৃপক্ষের ‘অযৌক্তিক’ নিয়ম চালুর প্রতিবাদে সেদেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

দিনাজপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় শুল্ক কর্তৃপক্ষের ‘অযৌক্তিক’ নিয়ম চালুর প্রতিবাদে সেদেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে সাধারণ নাগরিকরা চলাচল করছে বলে জানায় হিলি কাস্টমস পুলিশ ও সিএন্ডএফ এজেন্ট। নতুন নিয়মে দেড়শ’ কিলোমিটার দূর থেকে পণ্য রপ্তানির অনুমতি আনতে হবে বলে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মণ্ডল জানান। বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম আজাদ ভারতের অশোক কুমার মণ্ডলের বরাত দিয়ে জানান, বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে হিলি কাস্টমস কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি (টেন্ডার পাস) নিতে হয় ভারতের ব্যবসায়ীদের। সম্প্রতি এই টেন্ডার পাসের অনুমতি মালদা কাস্টমস থেকে নেওয়ার আদেশ জারি করে শুল্ক কর্তৃপক্ষ। সরকারের এই আদেশের ফলে এখন দেড়শ’ কিলোমিটার দূরে গিয়ে ভারতীয় ব্যবসায়ীদের অনুমতি আনতে হবে। তিনি আরো জানান, এর আগে এই আদেশ জারি হওয়ার পর ভারতীয় ব্যবসায়ীরা গত ১৭ নভেম্বর একবার আমদানি-রপ্তানি বন্ধ করার ঘোষণা দিয়েছিল। তখন কর্তৃপক্ষ মৌখিকভাবে এ সিদ্ধান্ত স্থগিত করেছিল। কিন্তু বোরবার একই সিদ্ধান্ত বহাল করার কথা জানায়। হিলি কাস্টমস পুলিশের ওসি নুরুল ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল থেকে পণ্যের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সঙ্গে দুপুরে বৈঠকে বসেছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৩ ঘ.