২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনীতি ফোকলা করে ফেলেছে: খালেদা

দেশ ‘দেউলিয়াত্বের’ দিকে যাচ্ছে বলে দাবি করার ১২ দিনের মাথায় অর্থনীতি নিয়ে এ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দেশের অর্থনীতিকে ‘ফোকলা’ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া। দেশের তৈরি পোশাকের প্রদর্শনী বাটেক্সপোর সমাপনী অনুষ্ঠানে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলেও দাবি করেন তিনি। বিএনপি চেয়ারপার্সন খালেদা বলেন, “গার্মেন্ট শিল্পসহ সবকিছুই নানামুখী সংকটের চক্রব্যুহে আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছে। দেশের অনেক শিল্পের মালিকানা চলে যাচ্ছে ভিনদেশিদের হাতে। এ এক অশনি সংকেত।” সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই প্রদর্শনীর সমাপনীতে বক্তব্যে এ সব কথা বলে জনগণকে সজাগ ও সর্তক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। দেশের তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র আয়োজনে এ প্রদর্শনী শুরু হয় গত ১০ ডিসেম্বর। এতে মোট ১৪৬টি স্টল অংশ নেয়। এর মধ্যে ভারতের তিনটিসহ ১৯টি বিদেশি স্টল। ১৯৮৯ সাল থেকে বাটেক্সপো প্রদর্শনী শুরু হয়। বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদে বিরোধীদলীয় নেতা। তিনি ক্রেতা, উদ্যোক্তা ও গার্মেন্ট শিল্পে জড়িতদের ক্রেস্ট বিতরণ করেন। দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে গত ১ ডিসেম্বর নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেন, “সরকার দেশকে দেউলিয়াত্বের পথে নিয়ে যাচ্ছে।” এরপর এ প্রদর্শনীর উদ্বোধনে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, “উন্নত দেশগুলোর অর্থনীতিতে মন্দা চলছে। উন্নত ও উন্নয়নশীল অনেক দেশের অর্থনীতিই নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছে। উদীয়মান অর্থনীতিগুলোতেও শঙ্কা দেখা দিয়েছে। তারপরও আমরা দাবি করতে পারি, দেশের অর্থনীতির চাকা আমরা সচল রাখতে সক্ষম হয়েছি।” ১১ দফা বাটেক্সপোর সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে পোশাক খাত সংশ্লিষ্ট ১১ দফা দাবিও তুলে ধরেন খালেদা জিয়া। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দরে চার্জ কমানো, বিভিন্ন ব্যাংকিং চার্জ ও সুদের হার হ্রাস, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান,শিল্প প্রতিষ্ঠান চালুর স্বার্থে চলতি মূলধনের প্রবাহ অব্যাহত রাখা, রপ্তানি উন্নয়ন তহবিল বৃদ্ধি, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন, শিল্প প্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে ইটিপি স্থাপন, স্বল্প সুদে শ্রমিকদের জন্য ডরমিটরি স্থাপন, যুক্তরাষ্ট্রে বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগের চেষ্টা চালানো ও বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে আরো সক্রিয় করা। উন্মুক্ত বিশ্ববাজারের অবাধ প্রতিযোগিতার কথা বিবেচনা করে পোশাক শিল্পের জন্য অনুকূল নীতি-সহায়তা নিয়ে সরকারকে এগিয়ে আসার আহ্বানও জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, “মালিকদের বলতে চাই- আমাদের পক্ষ থেকে তৈরি পোশাক শিল্পের জন্য সর্বপ্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।” সরকারের নীতির সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, “সরকার নিজেকে শিল্পবান্ধব বলে দাবি করে। কিন্তু বাস্তবে সরকারের কর্মকাণ্ডে তা প্রতিফলিত হচ্ছে না। “চলতি অর্থবছরের বাজেটে পোশাক শিল্পে উৎসে আয়কর কর্তনের হার শতকরা ৫০ ভাগ বাড়ানো হয়েছে। অন্যদিকে পোশাক শিল্প প্রতিষ্ঠানের ফ্লোর ও স্পেস ব্যবহারের ওপর শতকরা ১৫ ভাগ ভ্যাট আরোপ করা হয়েছে।” এ সব পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি। খালেদা জিয়া গাজীপুরের গজারিয়াতে গার্মেন্ট পল্লী গড়ে তোলা, সারা বছর শ্রমিকদের জন্য রেশনিং কার্যক্রম চালু করার দাবিও জানান। পাশাপাশি পেশাজীবী তৈরি জন্য বিজেএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বা বিআইএফটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিও জানান তিনি। ‘ আর দেরি না করে সতর্ক হোন’ শিল্পায়ন বন্ধ হওয়ার পাশাপাশি বৈদেশিক সহায়তা ও রেমিটেন্স কমেছে এবং শ্রমবাজার সঙ্কুচিত হয়েছে দাবি করে খালেদা জিয়া বলেন, “দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। নতুন কর্মসংস্থান হচ্ছে না। শিল্প কল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বানিজ্যিক ব্যাংকগুলো ঋণ দুর্ভিক্ষে ভুগছে। সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশ চালাচ্ছে।” বৈশ্বিক মন্দা পরিস্থিতি সম্পর্কে খালেদা জিয়া বলেন, “যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনৈতিক মন্দা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। এর প্রভাবে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। “আমাদের রপ্তানি আয় ক্রমান্বয়ে কমতে থাকলে অর্থনীতির অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, রাষ্ট্র পরিচালকদের সেই খেয়াল আছে বলে তো মনে হয় না।” আর দেরি না করে ‘সরকার ও সংশ্লিষ্টদের এখনই সর্তক হতে ও প্রয়োজনী ব্যবস্থা নিতে জোর দাবি’ জানান খালেদা। নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারি ক্রয় ব্যবস্থায় ব্যাপক দুর্নীতির অভিযোগও করেন তিনি। তিনি বলেন, “বিদ্যুৎ ও গ্যাস এই শিল্পকে সংকটের মধ্যে ফেলেছে।” অবশ্য বাটেক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, “বর্তমান সরকারের সময়ে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে আড়াই হাজার মেগাওয়াটের বেশি। নতুন ২৯টি বিদ্যুৎকেন্দ্র হয়েছে।” “বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন হয়নি,” বলেছিলেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের কল্যাণে কারখানা মালিকদের আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। নতুন মজুরী কাঠামো যথাযথ বাস্তবায়ন ও শ্রমিকদের জন্য সার্ভিস বুকিং চালু করার জন্য বিজেএমইএ’র প্রতি অভিনন্দনও জানান খালেদা। ক্ষমতায় থাকা অবস্থায় পোশাক শিল্পের জন্য বিভিন্ন সময়ে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১০৬ ঘ.