ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভা রোববার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বিকেলে অনুষ্ঠিত বৈঠকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আফসারুল আমিন, অর্থসচিব মোহাম্মদ তারেক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে বৈঠক বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “এটা আমাদের ইন্টার্নাল মিটিং। নো কমেন্ট।”
নাম প্রকাশ না করার অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলতি অর্থবছরের ছয় মাস (অর্ধেক) শেষ হতে চলেছে। এই ছয় মাসে বাজেট বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্যই অর্থমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করছেন। তারই ধারাবাহিকতায় আজ (রোববার) কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে।”
চলতি সপ্তাহে আরো কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে অর্থমন্ত্রী বৈঠক করবেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২৩৩০ ঘ.
bdnews24