শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে উৎসে মূল্য সংযোজন কর সঠিকভাবে না কাটায় সরকার ৩ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা রাজস্ব হারিয়েছে।
মহাহিসাব নিরীক্ষকের (সিএজি) দপ্তর তা আদায়ের জন্য রাজস্ব বিভাগকে তাগিদ দিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটে এ বহুজাতিক ব্যাংকের জমা দেওয়া ২০০৬-০৭ অর্থবছরের বার্ষিক সার্টিফাইড অ্যাকাউন্টস, মাসিক দাখিলপত্র ও সরকারি কোষাগারে জমার চালানসহ বিভিন্ন তথ্য পর্যালোচনায় এসব অনিয়ম পাওয়া গেছে।
সিএজির বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ওই অর্থবছরে এ বহুজাতিক ব্যাংকের ভ্যাট বাবদ ৪ কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা জমা দেওয়া কথা থাকলেও তারা মাত্র ৭২ লাখ ৭০ হাজার টাকা জমা দিয়েছে। এতে সরকার ৩ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা রাজস্ব হারিয়েছে।
এ সময় প্রতিষ্ঠানটি পরামর্শক (কনসালটেনসি), বিজ্ঞাপন, মেরামত ও রক্ষণাবেক্ষণ (রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স), নিরাপত্তা ও বিনোদনের মতো সেবা নিয়েছে।
মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ অনুযায়ী বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে সেবাগ্রহীতা প্রতিষ্ঠানের উৎসে কর কর্তন করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।
“কিন্তু এক্ষেত্রে যথযথভাবে উৎসে মূল্য সংযোজন কর কর্তন করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি,” প্রতিবেদনে বলা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে বিদেশি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে পুরনো ও বড়। সর্বপ্রথম ১৯৪৮ সালে চট্টগ্রামে একটি শাখা খুলে এদেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করে তারা।
বর্তমানে সারাদেশে এ ব্যাংকের ২৬টি শাখা, ৫৭টি এটিএম বুথ এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বগুড়া ও নারায়ণগঞ্জে সাতটি গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে।
বিদেশি ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই সর্বপ্রথম বাংলাদেশ সরকারকে ঋণ দেওয়া শুরু করে এবং ১৯৭২ সালে দেশে প্রথমবারের মতো এলসি সুবিধা চালু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24