ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী-শিল্পপতিদের মতামতের ভিত্তিতেই ভ্যাট (মূল্য সংযোজন কর) আইন-২০১১ প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ।
শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজ (ডিসিসিআই) আয়োজিত ‘প্রস্তাবিত মূসক আইন-২০১১’ বিষয়ে ব্যবসায়ী-শিল্পপতিদের মতামতের ওপর এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিরউদ্দিন বলেন, “ভ্যাট আইন করদাতাবান্ধব করা হবে। এ জন্য আমাদের একটি দল কাজ করছে। আপনাদের (ব্যসায়ীদের) মতামতের ভিত্তিতেই এ আইন চূড়ান্ত করা হবে।”
আইনটি চূড়ান্ত করতে আরও বছর খানেক সময় লাগবে বলে জানান তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, “আগামী জানুয়ারি থেকে আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিস্ট ব্যাংকের শাখা রাত ১০টা পর্যন্ত খোলা রাখার চিন্তাভাবনা চলছে। এর ফলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।”
প্রস্তাবিত খসড়া কর আইনে পঞ্চাশ হাজার টাকার বেশি মূল্যের উপকরণ কেনার ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে বলা হয়েছে। এটা বাড়িয়ে দুই লাখ টাকা করার প্রস্তাব করেন ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিম।
বিদ্যমান আইনে এনবিআরের ক্ষমতাপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা দণ্ডনীয় অপরাধের দায়ে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন। প্রস্তাবিত কর আইনে তা বিলোপ করা হয়েছে। এটা করবান্ধব পরিবেশ সৃষ্টি করবে বলে মন্তব্য করেন আসিফ ইব্রাহিম ।
মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) কমিশনার জাহাঙ্গীর হোসাইন ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের অধ্যাপক বেন তেরা।
এতে বক্তব্য রাখেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান মানসুর, কেআই নুরুল কবির, ডিসিসিআইয়ের পরিচালক আবু হুরায়রা, এম এ সিদ্দিকী, এস এম মহিউদ্দিন ও সাবেক পরিচালক মঞ্জুরুল আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/২০০৫ ঘ.
bdnews24