ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি নানা রকম সমস্যার মধ্যে থাকলেও সেই তুলনায় বাংলাদেশ ভালো করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৃশ্যতঃ এর মধ্য দিয়ে দেশের অর্থনীতি নিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনার জবাব দিলেন তিনি।
শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৈরি পোশাকের প্রদর্শনী বাটেক্সপোর উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, “উন্নত দেশগুলোর অর্থনীতিতে মন্দা চলছে। উন্নত ও উন্নয়নশীল অনেক দেশের অর্থনীতিই নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করছে। উদীয়মান অর্থনীতিগুলোতেও শঙ্কা দেখা দিয়েছে। তারপরও আমরা দাবি করতে পারি, দেশের অর্থনীতির চাকা আমরা সচল রাখতে সক্ষম হয়েছি।”
দেশের অর্থনীতির বর্তমান অবস্থা তুলে ধরে তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম চার মাসে গার্মেন্ট পণ্য রপ্তানিতে ২১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে রেমিটেন্সে প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশ।
জনশক্তি রপ্তানিতেও উল্লেখযোগ অগ্রগতি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত বছর নভেম্বরে যেখানে ১ লাখ ৫৩ হাজার বাংলাদেশি কাজ নিয়ে বিদেশে গেছেন, সেখানে চলতি বছর নভেম্বরে গেছেন ২ লাখ ৬২ হাজার জন।
“এরপরও পত্রিকায় দেখি জনশক্তি রপ্তানিতে ধস। কিসের ভিত্তিতে, কেন- এ ধরনের খবর ছাপা হয় আমি বুঝতে পারি না।”
মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতেও ইতিবাচক ধারা দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার সময়ই উন্নত দেশগুলো মন্দার কবলে পড়ে। রপ্তানি খাতে যাতে মন্দার প্রভাব না পড়ে সেজন্য আমরা তিন হাজার ৪২৪ কোটি টাকার প্রথম প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করি। ২০১০ সাল থেকে দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন চলছে।”
পোশাক শিল্প ছাড়াও চিংড়ি, চামড়া, জাহাজ, কৃষি, পাটসহ ১৭টি খাতের পণ্য রপ্তানিতে বিশেষ নগদ সহায়তা দেওয়ার বিষয়টিও এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরে গত ১ ডিসেম্বর নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার দেশকে দেউলিয়াত্বের পথে নিয়ে যাচ্ছে। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি হিসেবে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে খালেদা জিয়া দাবি করেন, অর্থনীতির সব সূচকই নিুমুখী।
শিল্পায়ন বন্ধ, বৈদেশিক সহায়তা কমেছে, রেমিটেন্স কমেছে, শ্রমবাজার সঙ্কুচিত হয়েছে দাবি করে খালেদা বলেন, “১৯৭৪ সালের পর এমন অবস্থা কখনোই হয়নি। সব কিছু মিলিয়ে সরকার দেশকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিয়েছে। বিরাজমান সর্বগ্রাসী সঙ্কটের দায় সরকারকে বহন করতে হবে।”
নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সরকারি ক্রয় ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এর বিপরীতে বাটেক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে আড়াই হাজার মেগাওয়াটের বেশি। নতুন ২৯টি বিদ্যুৎ কেন্দ্র হয়েছে। আরো ৩৫৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস উৎপাদন বেড়েছে প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট।
“গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধানে আমরা নানামুখি উদ্যোগ নিয়েছি। বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেশে এক মেগাওয়াট বিদ্যুও উৎপাদন হয়নি। পাঁচ বছর বিএনপি লুটপাট করেছে। আর তত্ত্বাবধায়ক সরকার দুই বছর ভয়ভীতি দেখাতে ব্যস্ত ছিল।”
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পক্ষে যুক্তি দিয়ে শেখ হাসিনা বলেন, “এগুলো (গ্যাস-বিদ্যুৎ) এমন নয় যে রাতারাতি সমাধান হয়ে যাবে। এরপরও আমরা দায়িত্ব নেওয়ার পর ২ হাজার ৬৯৪ মেগাওয়াট বিদ্যুৎ বাড়িয়েছি। আমাদের সব জায়গায় গ্যাস নেই। কয়লাও সমস্যা। সে কারণে ফার্নেস অয়েল ও ডিজেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বাড়ছে। ৯০ টাকায় (লিটার) তেল কিনে ৪৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। এর ফলে মোটা অংকের ভর্তুর্কি দিতে হচ্ছে। ভর্তুকি কিছুটা কমাতে দাম বাড়াতে হয়েছে। এরপরও অনেক ভর্তুকি দিতে হচ্ছে।”
তবে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি শিল্প মালিকদের সৌরবিদ্যুৎ ব্যবহারেও উৎসাহ দেন তিনি।
শ্রমিকদের কল্যাণে কারখানা মালিকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “পোশাক শিল্প নিয়ে অনেক খেলা হয়। আমি নিজে উদ্যোগ নিয়ে শ্রমিকদের মজুরি এক হাজার ৬৬২ থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করেছি। শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ইন্ডস্ট্রিয়াল পুলিশ গঠন করেছি। শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় থাকলে সর্বোচ্চ উৎপাদনশীলতা সম্ভব বলে আমি মনে করি। এতে শ্রমিক-মালিক উভয়েই লাভবান হবে।”
পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সরকার রেশন চালুর ব্যবস্থা করলেও মালিক পক্ষের অবহেলায় তা বাস্তবায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন হাসিনা।
পোশাক শিল্প মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা যখন দায়িত্ব নেই। তখন বিশ্ব অর্থনীতিতে মন্দা চলছে। আপনারা বলেছিলেন রপ্তানিতে ধস নামবে। আতংকিত ছিলেন আপনারা। কিন্তু আমি আপনাদের বলেছিলাম আতংকিত হওয়ার কিছু নেই। দেখবেন মন্দার মধ্যেও আমাদের রপ্তানি বাড়বে। বাস্তবে তাই হয়েছে। গত অর্থবছরে আমাদের রপ্তানিতে প্রায় ৪২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। মোট আয় হয়েছে দুই হাজার ২৯৩ কোটি ডলার। আর এ আয়ের ৮০ শতাংশ এসেছে পোশাক খাত থেকে।”
এ সাফল্যের জন্য তিনি পোশাক শিল্পের মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সরকার নিজে ব্যবসা করতে চায় না। ব্যবসা করবেন ব্যবসায়ীরা। সরকার এ ব্যাপারে সহযোগিতা দিয়ে যাবে। যখন যে সমস্যাই আসুক, তা মেটাতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে।
বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আজ ১০ ডিসেম্বর। একাত্তরে এই ১০ ডিসেম্বর থেকেই পাকিস্তানী বাহিনীর দোসররা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থান থেকে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে গিয়ে হত্যা করতে শুরু করেছিল। পাকিস্তানিরা ছিল হানাদার। কিন্তু যারা এই দেশের সন্তান হয়েও গাদ্দারি করেছে- তারাতো মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী।”
সেই যুদ্ধাপরাধীদের বিচারে দেশবাসীর সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর আয়োজনে তিন দিনের এ প্রদর্শনী শেষ হবে ১২ ডিসেম্বর। ওইদিন বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া।
বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন জানান, এবারের মেলায় মোট ১৪৬টি স্টল অংশ নিচ্ছে। এর মধ্যে ভারতের তিনটিসহ ১৯টি বিদেশি স্টল রয়েছে।
গত বছর বাটেক্সপোতে ৬৫ মিলিয়ন ডলারের স্পট অর্ডার (তাৎক্ষণিক অর্ডার) পাওয়া গিয়েছিল। এবার এর পরিমাণ বাড়বে বলে আশা করছেন পোশাক রপ্তানিকারকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, শিল্পমন্ত্রী জনাব দিলীপ বড়–য়া ও নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৪১২ ঘ.
bdnews24