২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনের বাটেক্সপো শনিবার শুরু

ইউরোপ-আমেরিকার পাশাপাশি ভারতের বাজারে পোশাক রপ্তানি বাড়ানোর লক্ষ্যকে সামনে রেখে তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপো শনিবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপ-আমেরিকার পাশাপাশি ভারতের বাজারে পোশাক রপ্তানি বাড়ানোর লক্ষ্যকে সামনে রেখে তৈরি পোশাকের সবচেয়ে বড় প্রদর্শনী বাটেক্সপো শনিবার শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ প্রদর্শনী উদ্বোধন করবেন। ১২ ডিসেম্বর বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। প্রতিবারের মতো এবারো এ প্রদর্শনীর আয়োজন করছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার দুপুরে বিজিএমইএ কার্যালয়ে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। বিজিএমইএ সভাপতি বলেন, “এবারের মেলায় মোট ১৪৬টি স্টল অংশ নিচ্ছে। এর মধ্যে ১৯টি বিদেশি স্টল রয়েছে। গতবারের চেয়ে এবারের মেলায় ক্রেতার সংখ্যা অনেক বেশি হবে বলে আমরা আশা করছি।” তিনি বলেন, “আমাদের রপ্তানি আয়ের প্রধান দুই বাজার ইউরোপ-আমেরিকার অর্থনীতিতে টানাপড়েন চলছে। এক দফা মন্দা কেটে যাওয়ার পর আবার মন্দার আশঙ্কা করা হচ্ছে। তারপরও রপ্তানি আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে ওই সব দেশে তৈরি পোশাকের চাহিদা বেশি থাকে। আশা করছি এ তিন মাসে আমাদের রপ্তানি বাড়বে।” ভারতের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা বেড়েছে উল্লেখ করে বিজিএমইএ প্রধান বলেন, “ভারত আমাদের ৪৬টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। এর ফলে ভারতে আমাদের তৈরি পোশাক রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগ আমরা কাজে লাগাতে চাই।” ভারতের বাজারে তৈরি পোশাক রপ্তানি বাড়ানো এবারের বাটেক্সপোর অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি। স¤প্রতি তিনিসহ বিজিএমইএ’র একটি প্রতিনিধি দল ভারত সফরে গিয়েছিল উল্লেখ করে সফিউল ইসলাম বলেন, “ওই সফরে আমরা ভালো সাড়া পেয়েছি। টাটাসহ বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। ভারত সরকার নতুন অর্থনৈতিক পলিসি নিয়েছে। তারা বিদেশি বিনিয়োগ (এফডিআই) অনুমোদন দিয়েছে।” ভারতের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের কেমন চাহিদা রয়েছে- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “সঠিক গবেষণা ছাড়া এ প্রশ্নের উত্তর দেওয়া খুবই কঠিন। তবে এটা বলতে পারি- বর্তমানে কয়েক বিলিয়ন ডলারের বাজার রয়েছে। সরকারের নীতি সহায়তা পাওয়া গেলে সেটা আরো বাড়বে।” এবারের বাটেক্সপোতে ভারতের তিনটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানান মহিউদ্দিন। গত বছর বাটেক্সপোতে ৬৫ মিলিয়ন ডলারের স্পট অর্ডার (তাৎক্ষণিক অর্ডার) পাওয়া গিয়েছিল। এবার এর পরিমাণ বাড়বে বলে আশা করছেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, শিল্পমন্ত্রী জনাব দিলীপ বড়–য়া ও নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এম কে আনোয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রদর্শনীকে আরো তাৎপর্যপূর্ণ করতে পোশাক শিল্পের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয় নিয়ে তিনটি সেমিনারের আয়োজন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা উপলক্ষ করে উদ্যোক্তাদের মধ্যে স¤প্রীতির বন্ধন আরো জোরদার করার লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের তৈরি পোশাক ক্রেতা ও দর্শনার্থীদের সামনে উপস্থাপনের জন্য ‘ফ্যাশন শো’র আয়োজন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২০০০ ঘ.