২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিবি ২০১৫ সাল নাগাদ দেবে ৪৫০ কোটি ডলার

উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০১৫ সাল নাগাদ বাংলাদেশকে ৪৫০ কোটি ডলার ঋণ-সহায়তা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০১৫ সাল নাগাদ বাংলাদেশকে ৪৫০ কোটি ডলার ঋণ-সহায়তা দেবে। এর মধ্যে সহজ শর্তে ঋণ হিসেবে এশীয় উন্নয়ন তহবিল (এডিএফ) থেকে পাওয়া যাবে ২৪০ কোটি ডলার। আর কঠিন শর্তের ঋণ অর্থ্যাৎ অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সেস (ওসিআর) থেকে মিলবে ২১০ কোটি ডলার। বুধবার আনুষ্ঠানিকভাবে এডিবির বাংলাদেশ কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (সিপিএস) উদ্বোধন করা হয়। সিপিএসে ২০১১-১৫ সাল নাগাদ এডিবি বাংলাদেশ সহায়তা কৌশল হিসেবে কী পরিমাণ অর্থ দেবে তার বিবরণ থাকে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বক্তব্য দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ ও এডিবির আবাসিক প্রতিনিধি থেবাকুমার কান্দিয়াহ। সিপিএস সম্পর্কে মূল উপস্থাপন করেন সংস্থার সিনিয়র কান্ট্রি স্পেশালিষ্ট জাহিদ হোসেন। এডিবির সিপিএসে বলা হয়েছে, “বাংলাদেশের অর্থনীতির পারফর্মেন্স ভালো। দারিদ্র্য বিমোচনে অগ্রগতি হয়েছে। তবে বাংলাদেশের সামনে চারটি উন্নয়ন চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো- অবকাঠামো দুর্বলতা, পর্যাপ্ত দক্ষ জনশক্তির অভাব, দ্রুত নগরায়ন, জলবায়ু পরিবর্তন।” এডিবির অর্থ মূলত জ্বালানি, পরিবহন, নগরায়ণ, শিক্ষা, কৃষি, প্রাকৃতিক সম্পদ ও আর্থিক খাতে খরচ হবে। এসব খাতের বিনিয়োগের মাধ্যমে সরকারি বেসরকারি অংশীদারিত্বকে (পিপিপি) সহায়তা দেওয়া হবে। এতে বেসরকারি খাতের বিনিয়োগ উৎসাহিত হবে। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, “এডিবিসহ দাতাদের সঙ্গে দেশের নীতিনির্ধারকদের ভিশনে মিল রয়েছে।” এজন্য তাদের সহায়তা কৌশল কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ৪০ বছর আগে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৯ শতাংশ আসতো বিদেশি সহায়তা হিসেবে। বর্তমানে তা দুই শতাংশে নেমে এসেছে। তবে গত অর্থবছরে তা আধা শতাংশে নেমে আসে। মুহিত বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে ৫০ শতাংশ জনগোষ্ঠীকে অবশ্যই কাজের মধ্যে থাকতে হবে। এজন্য কর্মসংস্থার দরকার। অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগ প্রয়োজন। থেবাকুমার কান্দিয়াহ বলেন, এডিবি যথন এই সিপিএস তৈরি করেছে তখন বাংলাদেশে আর্থসামাজিক অবস্থার উল্লেখখযোগ্য উন্নতি হয়েছে। যদিও এই সময়ে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানিমূল্যের অস্থিরতা ও জলবায়ু পরিবর্তনের মতো নতুন চ্যালেঞ্জ রয়েছে। আগের সিপিএস মূল্যায়ন করে তিনি বলেন, ২০০৬-১০ মেয়াদে বাংলাদেশের অর্থনীতি সন্তোষজনক পর্যায়ে ছিল। ইকবাল মাহমুদ বলেন, সিপিএস শুধু এডিবির দলিল নয়, এটি বাংলাদেশের দলিল। তবে তিনি দাতাদের প্রতিশ্র“ত অর্থ ছাড়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১২৮ ঘ.