২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের প্রত্যাশা পূরণই লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী জি এম কাদের বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণই হবে তার মূল কাজ; আর এ লক্ষ্যে কর্মকর্তাদের নিয়ে বিস্তারিত পরিকল্পনা করবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী জি এম কাদের বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণই হবে তার মূল কাজ; আর এ লক্ষ্যে কর্মকর্তাদের নিয়ে বিস্তারিত পরিকল্পনা করবেন তিনি। বুধবার বিকেল সাড়ে ৪ টায় বিমান সচিব আতাহারুল ইসলামকে সঙ্গে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আসেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জি এম কাদের। বাণিজ্য মন্ত্রণালয়ে সচিব গোলাম হোসেনসহ কর্মকর্তারা এ সময় তাকে স্বাগত জানান। দায়িত্ব নেওয়ার পরপরই বাণিজ্য সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন নতুন মন্ত্রী। আর গত তিন বছর এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারুক খান বিমান সচিবকে নিয়ে রওনা হন তার নতুন দপ্তর বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ নভেম্বর সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদেরকে মন্ত্রিসভায় নিয়োগ দেওয়ার পর সোমবার তাদের দপ্তর বণ্টন করা হয়। একই দিনে অদল-বদল করা হয় জি এম কাদের ও ফারুক খানের মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ‘কম খাওয়ার পরামর্শ’ দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ফারুক। রদবদলের বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সোমবার সাংবাদিকদের বলেছিলেন, “আগের মন্ত্রণালয়ে ভালোভাবেই কাজ করেছিলাম, সবার সহযোগিতায় নতুন মন্ত্রণালয়েও সেভাবেই কাজ করবো।” বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ের পর জি এম কাদের সাংবাদিকদের জানান, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আগামী বৈঠকে ফারুক খানই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। “আমি এখানে নতুন। এখানো সবকিছু জানি না। এ কারণে ফারুক খানই ডব্লিউটিওর আগামী বৈঠকে যাবেন। তিনি এসে আমাকে বিস্তারিত জানাবেন। পরের বৈঠকগুলোতে আমিই যাবো।” বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে জনগণের প্রত্যাশা পূরণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে জানিয়ে জাতীয় পার্টির নেতা এবং দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাই জি এম কাদের বলেন, কর্মকর্তাদের নিয়ে বসে শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত পরিকল্পনা করবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৮১০ ঘ.