২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের স্লোগান

ভাতা বৃদ্ধির জন্য স্তর কমানোর দাবিতে সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাতা বৃদ্ধির জন্য স্তর কমানোর দাবিতে সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। দুপুর ১২টার দিকে জাতীয় খেতাবপ্রাপ্ত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার কল্যাণ পরিষদের মহাসচিব এম এ মাজেদের নেতৃত্বে প্রায় ২৫ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে আসেন। এ সময় অর্থমন্ত্রী জালানি সপ্তাহ ও বাংলাদেশ আরবান ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছিলেন। দুপুর পৌনে ২টার দিকে অর্থমন্ত্রী অফিসে আসেন। এ সময় যুুদ্ধাহত মুক্তিযোদ্ধারা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। কিন্তু অর্থমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে দেরি করলে তারা বারান্দায় বসে বিভিন্ন দাবিতে শ্লোগান দিতে থাকেন। এ সময় এম এ মাজেদ বলেন, “এর আগে চার বার আমরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে সময় চেয়েছিলাম। কিন্তু অর্থমন্ত্রী আমাদের সময় দেননি। তাই বাধ্য হয়ে আজ আমরা অ্যাপয়েনমেন্ট ছাড়াই চলে এসেছি।” দুপুর সোয়া ২টার দিকে অর্থমন্ত্রী বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা বলেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, “আপনারা যা করলেন তাতে আমি খুবই অসন্তুষ্ট। আপনারা ভালো কাজ করলেন না।” তারপর মন্ত্রী তাদের দাবিগুলো শোনেন এবং দাবিগুলোর ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়ে বলেন, “এ বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো।” এরপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা চলে যান। দাবি-দাওয়া প্রসঙ্গে এম এ মাজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা (যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা) এখন ৫টি স্তরে ভাতা পাচ্ছি। এই স্তর আমরা তিনটিতে নামিয়ে আনার দাবি জানিয়েছি। স্তরগুলোর মধ্যে ‘এ’ ও ‘বি’ ঠিক রেখে ‘সি’, ‘ডি’ ও ‘ই’ স্তর একীভূত করতে হবে।” তিনি জানান, অনেক মুক্তিযোদ্ধাই ‘ডি’ ও ‘ই’ গ্রেডে ভাতা পায়। তারা সবাইকে ‘সি’ গ্রেডে অন্তর্ভূক্ত করা হলে ভাতা বাড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৬৪৩ ঘ.