২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দ্রব্যমূল্য নিয়ে মাঝে মাঝে কষ্ট হয়েছে’

বাণিজ্য মন্ত্রণালয় ছাড়ার পর একথা স্বীকার করলেন ফারুক খান। নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, বিমানকে লাভজনক করতে সচেষ্ট হবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত তিন বছরে দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষ ‘মাঝে মাঝে’ কষ্ট পেয়েছেন বলে স্বীকার করেছেন ফারুক খান। বুধবার নতুন মন্ত্রণালয়ে যোগ দিয়ে পুরনো মন্ত্রণালয়ের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার মন্ত্রিসভায় রদবদলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগ নেতা ফারুক। নতুন দায়িত্ব নিয়ে বিমানকে লাভজনক করতে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। ফারুক খানের ছেড়ে আসা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জাতীয় পার্টির নেতা জি এম কাদের। তিনি এতদিন বিমানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। বিকালে নতুন মন্ত্রণালয়ে যোগদান করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফারুক বলেন, “আলহামদুল্লিলা। আল্লাহতায়ালা আমাকে এই দায়িত্ব দিয়েছেন।” বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. আতাহারুল ইসলাম বাণিজ্য মন্ত্রণালয়ে গিয়ে ফারুক খানকে নিয়ে আসেন। এরপর কর্মকর্তারা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন। সঙ্গে আসা দলীয় নেতাকর্মীদের নতুন কার্যালয় দেখিয়ে ফারুক বলেন, “কক্ষটা অনেক সুন্দর, তাই না। আপনাদের কি পছন্দ হয়েছে? তবে আশেপাশে গাছ থাকলে আরো ভালো হতো।” প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত তিন বছর বাণিজ্য মন্ত্রণালয় চালিয়ছেন জানিয়ে তিনি বলেন, “দ্রব্যমূল্য থেকে শুরু করে রপ্তানি, ব্যবসাভিত্তিক নিগোসিয়েশনসহ বাণিজ্য সংগঠনগুলো ভালো অবস্থানে রয়েছে। তবে দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষ মাঝে মাঝে কষ্ট পেয়েছেন।” তবে বিশ্ববাজারের তুলনায় জিনিসপত্রের দাম তুলনামুলক কম রয়েছে দাবি করে ফারুক আশা করছেন, নতুন মন্ত্রী জি এম কাদের ভালোভাবে কাজ চালাতে পারবেন। নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি বলেন, টুরিজম এবং লোকসানে থাকা বিমানকে যেন উন্নত করা যায় সে লক্ষ্যে কাজ করবেন তিনি। কর্মকর্তাদের সঙ্গে জি এম কাদেরের ভোজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছেড়ে বাণিজ্য মন্ত্রণালয়ে যাওয়ার আগে বুধবার দুপুরের খাবার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে খেয়েছেন জি এম কাদের। মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীরা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এর আগে সকাল সাড়ে ১১টায় শেষ দিনের মতো বিমান মন্ত্রণালয়ে আসের তিনি। বিকালে বাণিজ্য সচিব গোলাম হোসেন বিমান মন্ত্রণালয়ে গিয়ে জি এম কাদেরকে বাণিজ্য মন্ত্রণালয়ে নিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৮৫৫ ঘ.