২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমুতাং থেকে পুনরায় সরবরাহ শুরু

সঞ্চালন লাইনের সমস্যার কারণে ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর সেমুতাং গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু করেছে বাপেক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 08:38 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঞ্চালন লাইনের সমস্যার কারণে ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর সেমুতাং গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু করেছে বাপেক্স। সোমবার দুপুরে পৌনে ১২টার দিকে গ্যাস সরবরাহ শুরু হয়। সরবরাহ পাইপ লাইন পরিষ্কার না থাকায় রোববার রাত সোয়া ৮টার দিকে গ্যাস সরবরাহ বন্ধ হয়েছিলোভ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সানোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে বন্ধ থাকার পর পাইপ লাইন পরিষ্কার করে দুপুর পৌনে ১২টা থেকে আবার গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে। গ্যাস সরবাহ নিরবচ্ছিন্ন থাকার আশা করছেন তিনি। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ও সেমুতাং গ্যাসক্ষেত্র উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. শহীদুজ্জামান খান জানান, এখন পর্যন্ত (দুপুর পৌনে ২টা) পাইপলাইন দিয়ে স্বাভাবিক ভাবেই গ্যাস প্রবাহিত হচ্ছে। “পাইপ লাইনের বিভিন্ন পয়েণ্টে কেজিডিসিএল’র লোক গ্যাস সরবরাহ পর্যবেক্ষণ করছেন। পাইপ লাইনে এখনো কিছু পানি আছে। তবে গ্যাসের চাপেই ওই পানি সরে যাবে”, বলেন তিনি। এ গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১৫ থেকে ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব। এ গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হবে। গ্যাসক্ষেত্রের প্রকল্প পরিচালক শহিদুজ্জামান জানান, বাপেক্স থেকে সরবরাহ শুরু হলেও হাইড্রোলিক পরীক্ষার পর কেজিডিসিএল’র সরবরাহ লাইন পরিষ্কার না হওয়ায় রাতে সরবরাহ বন্ধ হয়েছিল। গত ২১ নভেম্বর পাইপ লাইনের ‘হাইড্রোলিক টেস্ট’ সম্পন্ন হয়। ১৯৬৭ সালে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাসক্ষেত্রে গ্যাস আবিস্কৃত হয়। তৎকালীন ‘পাকিস্তান অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি’ এ ক্ষেত্রে চারটি কূপ খনন করে। পরে সেগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর ১৯৯৭ সালে ‘কেয়ার্ন’ পঞ্চম কূপটি খনন করে। কিন্তু গ্যাস উত্তোলন লাভজনক হবে না বলে তারা কাজ বন্ধ করে চলে যায়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকালে সেমুতাংয়ের ৫ নম্বর কূপটি সংস্কারের পরিকল্পনা করা হয়। ২০০৮ সালের ২২ মে একনেকের বৈঠকে এ প্রকল্পের জন্য ৬৫ কোটি টাকা বরাদ্দের একটি প্রস্তাব অনুমোদিত দেওয়া হয়। সেমুতাং গ্যাস ক্ষেত্র উন্নয়ন প্রকল্পের পরিাচলক শহিদুজ্জামান খান জানান, পাঁচটি কূপের মধ্যে ৫ নম্বর কূপ থেকেই গ্যাস উত্তোলন করা হবে। বাকি কূপগুলো দীর্ঘদিনের পুরনো হওয়ায় সেখান থেকে গ্যাস পাওয়া সম্ভব নয়। ২০১২ সালে আরেকটি কূপ খননের পরিকল্পনা আছে। চলতি বছরের ১২ মে কেজিডিসিএল কর্তৃপক্ষ সেমুতাং থেকে চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন ফৌজি ফ্লাওয়ার মিল পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার দীর্ঘ সরবরাহ লাইন নির্মাণের কাজ শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৪৩৫ ঘ.