ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সরকারি কোষাগারে ২৮৭ কোটি ৩০ লাখ টাকা জমা দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি অজিয়াটা লিমিটেড। এটি গত বছরের এ সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।
একই সময়ে রবি আয় করেছে ৭৮২ কোটি ১০ লাখ টাকা। এ আয় আগের প্রান্তিকের চেয়ে ৩ শতাংশ এবং গত বছরের একই সময়ের চেয়ে ১৩ শতাংশ বেশি।
তৃতীয় প্রান্তিকে অপারেটরটির গ্রাহক বেড়েছে ৭ লাখ ৮৫ হাজার। গ্রাহক বাড়ার হার ৫ দশমিক ৪ শতাংশ।
রাজধানীর গুলশানে রবি অজিয়াটা কর্পোরেট হেড অফিসে সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, রবির মুখ্য অর্থনৈতিক কর্মকর্তা মাহতাবউদ্দিন আহমেদ।
সংবাদ সম্মেলনে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কুনার বলেন, “টেলিযোগাযোগ শিল্পের জন্য কঠিন ও প্রতিকূল পরিবেশেও আমরা আমাদের রাজস্ব প্রবৃদ্ধি ও লাভের ক্ষেত্রে ক্রমাগত ভালো অবস্থানে আছি।”
রবি গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্র“তিবদ্ধ জানিয়ে তিনি বলেন, “বিকাশমান টেলিকম খাতে আমাদের সক্ষমতা বৃদ্ধিতে এটি সহায়তা করবে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “লাইসেন্স নবায়নের জন্য প্রক্রিয়া চলছে। আশা করছি, শিগগিই এর সমাধান হবে।”
সংবাদ সম্মেলনে মুখ্য অর্থনৈতিক কর্মকর্তা মাহতাবউদ্দিন আহমেদ বলেন, “তৃতীয় প্রান্তিকে রবি গ্রাহকবান্ধব বিভিন্ন প্রডাক্ট বাজারে এনেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘রবি নবান্ন’ এবং পরবর্তী প্রজম্মের জন্য পোস্ট পেইড ভয়েস সেবা ‘উদয়’।”
তিনি বলেন, “জনসংখ্যার দিক থেকে রবি নেটওর্য়াকের কভারেজ ৯৭ দশমিক ৫ শতাংশ থেকে ৯৭ দশমিক ৮ শতাংশে বাড়ানো হয়েছে।”
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অংশ হিসেবে রবি দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ইংরেজি শেখার কর্মসূচি চালু করেছে।
এছাড়া বিভাগীয় পাবলিক লাইব্রেরি ব্যবহারকারীদের বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের জন্য চালু করেছে ‘রবি ইন্টারনেট কর্নার’।
এ বছর মোট ১৮৬ জন মুগুর পা রোগে আক্রান্ত শিশুকে রবির পক্ষ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান।
সংবাদ সম্মেলনে রবির সহ-সভাপতি (কমিউনিকেশন্স অ্যান্ড মিডিয়া রিলেশন্স) মহিউদ্দিন বাবরসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৬৪৯ ঘ.
bdnews24