ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একনেকে প্রকল্প অনুমোদনের আট বছরের মাথায় চামড়া শিল্পের বর্জ্য পরিশোধনে কেন্দ্রীয় শোধনাগার স্থাপনের দরপত্র অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) অধীনে ৪৭৭ কোটি ৬৪ লাখ ৩১ হাজার টাকা ব্যয়ে সাভারে এ শোধনাগার তৈরি হবে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ শোধনাগারের (কমন ট্যানারি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট-সিইটিপি) দরপত্র অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।
বেশ কয়েকটি প্রতিষ্ঠান সিইটিপি স্থাপনের কাজ পেতে দরপত্র জমা দিলেও সর্বনিু দরদাতা হিসেবে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জেএলইপিসিএল-ডিসিএলজেভি লিমিডেটকে বেছে নেওয়া হয়।
বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, “বৈঠকে চামড়া শিল্পের জন্য ইটিপি প্ল্যান্টসহ বেশ কয়েকটি দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ইটিপি প্ল্যান্ট প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ।”
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুহিত বলেন, “রোববার দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকের বিষয়ে পরে আপনাদের [সাংবাদিকদের] জানানো হবে।”
মন্ত্রিসভার রদবদল বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
চামড়ার বর্জ্য পরিশোধনে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও এ প্রকল্পের কাজ শুরুর জন্য দরপত্র অনুমোদনে এতো দীর্ঘ সময় নেওয়া হলো। এতে বিশ্ব বাজারে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়ারও ঝুঁকির মধ্যে পড়েছে দেশ।
আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থা ডব্লিউটিও-এর নিয়ম অনুযায়ী, যে সব দেশের কমন ট্যানারি এ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট নেই ২০১৪ সালের পর সে সব দেশ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করতে পারবে না।
২০০৩ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। তখন এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছিলো ১৭৫ কোটি টাকা।
২০০৭ সালে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ৫৪৫ কোটি টাকা করা হয়। তারপরও প্রকল্পের কাজ শুরু না হওয়ায় ২০০৯ সালে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আদালতে মামলা করে।
রায়ে ২০১০ সালের জুলাইয়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে নির্দেশ দেয় আদালত।
একইসঙ্গে ছয় মাস পর পর প্রকল্পের কাজের অগ্রগতি আদালতকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়।
কিন্তু আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ, এমনকি শুরু করতেও না পেরে শিল্প মন্ত্রণালয় আদালতে সময় চেয়ে আবেদন করে।
এ পরিস্থিতিতে সোমবার এ প্রকল্পের দরপত্র অনুমোদন করলো।
আরো যেসব প্রকল্প অনুমোদন
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আরো কিছু প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল জানান।
এগুলো হলো, ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ৩০ দশমিক ৯৫৬ কিলোমিটার সড়কের জরুরি মেরামত কাজের অতিরিক্ত কার্যাদেশের দরপত্র অনুমোদন।
বাংলাদেশ রেলওয়ের রাজশাহী-রহনপুর সীমান্ত ও আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ সেকশনগুলো পুনর্বাসন প্রকল্প। উত্তরা আবাসিক শহর (তৃতীয় পর্ব) শীর্ষক প্রকল্পের আওতায় ৫ ও ৬ নম্বর সেতু নির্মাণ।
আবুধাবি ও সৌদি আরব থেকে ১৪ লাখ মেট্রিকটন ক্রুডওয়েল আমদানি। উপজেলা পর্যায়ে আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার স্থাপন। শাহজালাল সার কারখানা আধুনিকায়ন এবং কাতার থেকে ৬০ কোটি ৯৫ লাখ টাকা দুই হাজার টাকা ব্যয়ে ১৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসআই/এএইচ/পিডি/১৯৪৯ ঘ.
bdnews24