ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিধা কাটিয়ে অভ্যন্তরীণ বাজার থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৮ টাকা কেজি দরে মঙ্গলবার থেকেই তা কেনা শুরু হবে।
সোমবার খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক চলতি আমন মৌসুমে চাল কেনার সরকারের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।
তিনি বলেন, এ বার ২ লাখ টন চাল কেনা হবে। সংগ্রহ অভিযান চলবে ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত।
চালের উৎপাদন খরচ ২৫ টাকা ধরে এই ক্রয়মূল্য ঠিক করেছে সরকার। খাদ্যমন্ত্রী বলেন, এতে কৃষকের তিন টাকা লাভ থাকবে।
আমন সংগ্রহে এবার উত্তরবঙ্গকে প্রাধান্য দেওয়া হবে জানান তিনি।
বর্তমানে প্রায় ১৪ লাখ ৪৩ হাজার টন খাদ্য শস্য মজুদ রয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, আগামী জুন নাগাদ খাদ্যশস্য আমদানি করতে হবে না। যথেষ্ট খাদ্যশস্য মজুদ রয়েছে। যদি এরপরও প্রয়োজন হয়, তবে সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো হবে।
গুদাম সঙ্কটের কারণে চাল কেনা নিয়ে সরকার দ্বিধায় থাকলেও মন্ত্রী আশা করছেন, পুলিশ আনসার ও সেনাবাহিনীকে রেশনের চাল সরবরাহের পর গুদাম খালি হবে।
রাজ্জাক বলেন, দেশের খাদ্য গুদামগুলোর ধারণ ক্ষমতা ১৬ লাখ ৫০ হাজার টন। বিশ্বব্যাংকের সহযোগিতায় তিন লাখ টন ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে আরো কয়েকটি খাদ্য গুদাম তৈরি করা হবে।
ধান বাদ দিয়ে কেন চাল সংগ্রহ করা হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, “কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা সম্ভব হয় না কারণ অনেক সময় তারা অগ্রিম টাকা নিয়ে পরে আর ধান সরবরাহ করে না।”
এছাড়া ধান গুদামে রাখার জন্য যে পরিমাণ শুষ্ক থাকা উচিত সেভাবে কৃষকরা ধান সরবরাহ করে না বলে তাদের কাছ থেকে সংগ্রহ সম্ভব হয় না বলেও জানান খাদ্যমন্ত্রী
এ বছর বোরো উৎপাদনের পর থেকে খাদ্য শস্যের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।
অভ্যন্তরীণ বাজার থেকে আমন সংগ্রহ ও মজুদ করা নিয়ে গত ২২ নভেম্বর খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। তখন বলা হয়, বাজার পর্যবেক্ষণ করে তারপরই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এর মধ্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া খুলনামুখে লংমার্চে চাল কেনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সরকার চাল না কিনলে কৃষকদের সঙ্গে নিয়ে সড়ক অবরোধেরও হুমকি দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/এমআই/১৭১৩ ঘ.
bdnews24