ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ফেঞ্চুগঞ্জে নতুন একটি ইউরিয়া সার কারখানা স্থাপন করবে সরকার। এজন্য ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৪০৯ কোটি টাকা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদন হয়েছে বলে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের জানান।
শাহজালাল ফার্টিলাইজার নামে এ প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, প্রকল্প ব্যয়ের ৭০ শতাংশ অর্থ (৩ হাজার ৯৮৬ কোটি টাকা) দুই শতাংশ সুদে ঋণ সহায়তা হিসেবে দেবে চীন সরকার ও চীনের এক্সিম ব্যাংক। ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। বাকি অর্থ সরকার জোগান দেবে।
একটি চীনা ঠিকাদার কোম্পানি ২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বলে মন্ত্রী জানান।
৫০ বছরের পুরনো ফেঞ্চুগঞ্জের বর্তমান সার কারখানার যন্ত্রপাতি পুরাতন ও জরাজীর্ণ হওয়ায় এর পরিচালনা ব্যয়বহুল ও অলাভজনক বলে মনে করছে সরকার।
এটি বন্ধ করে এর জায়গায় শাহজালাল ফার্টিলাইজার নামে নতুন কারখানাটি হচ্ছে বলে জানান এ কে খন্দকার।
এই সার কারখানা থেকে দৈনিক ১ হাজার ৭৬০ মেট্রিক টন সার পাওয়া যাবে। ইউরিয়ার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ কারখানায় উৎপাদিত সার কম দামে কৃষদের সরবরাহের পরিকল্পনা রয়েছে।
নতুন কারখানায় প্রায় ৬৫০ জন লোকের কর্মসংস্থান হবে বলে কার্যপত্রে বলা হয়েছে।
একনেক বৈঠকে সিলেট ও মৌলভীবাজারের নতুন নতুন এলাকা গ্যাস সংযোগের আওতায় আনা এবং শাহজালাল গ্যাস কোম্পানির উচ্চ চাপের নেটওয়ার্ক আরো শক্তিশালী করার লক্ষ্যে ৯১ কোটি টাকা ব্যয়ে ‘সিলেট গ্যাস ট্রান্সমিশন নেটওয়ার্ক আপগ্রেডেশন’ প্রকল্প অনুমোদন করা হয়।
এ প্রকল্পের মাধ্যমে সিলেটের ওসমানী নগর, বালাগঞ্জ ও বিশ্বনাথ এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গ্যাস সরবরাহ করা হবে।
শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ একনেক এর অন্যান্য সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য, মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো ৫ প্রকল্প অনুমোদন
একনেকের বৃহস্পতিবারের বৈঠকে আরো পাঁচটি প্রকল্প অনুমোদন হয়েছে বলে পরিকল্পনামন্ত্রী জানান।
সেগুলো হচ্ছে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প (৬৯ কোটি টাকা), বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর সেবা কার্যক্রম ও অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়ন (সংশোধিত) প্রকল্প (১৫৫ কোটি টাকা), বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের আধুনিকায়ন ও স¤প্রসারণ প্রকল্প (৩৮ কোটি টাকা), ঢাকার শেরে বাংলা নগরে সংসদ সচিবালয়ের কর্মচারীদের জন্য ৪৪৮ টি ফ্লাট নির্মাণ প্রকল্প (১৬৪ কোটি টাকা) এবং আশুগঞ্জ-বাখরাবাদ লাইনের গ্যাস সঞ্চালন ক্ষমতা শক্তিশালীকরণ প্রকল্প (৭৪৩ কোটি টাকা)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২০১৫ ঘ.
bdnews24