২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোড়কে পাটজাত পণ্য ব্যবহার নিশ্চিতের দাবি

পণ্যের মোড়ক হিসেবে পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার আইন যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছে পাট শিল্প সংশ্লিষ্ট কয়েকটি সংস্থার কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 02:03 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্যের মোড়ক হিসেবে পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার আইন যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছে পাট শিল্প সংশ্লিষ্ট কয়েকটি সংস্থার কর্মকর্তারা। রাজধানীর আদমজী কোর্টে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের চেয়ারম্যান টি ডি মিত্র বলেন, “পাটজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ দূষণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।” বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলাম এ সময় বলেন, “এই আইন যাতে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় সেজন্যে তা ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনার চেষ্টা করছি। সবাই আইন অনুযায়ী পাটজাত পণ্য ব্যবহার করলে পাটের মূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবেশের জন্য তা ভালো হবে।” পণ্যের মোড়ক হিসেবে পাটজাত পণ্য ব্যবহার সংক্রান্ত একটি আইন ২০১০ সালে প্রণয়ন করে সরকার। অতীতে বন্ধ হওয়া পাটকলের বেশিরভাগ বর্তমান সরকারে আগ্রহে চালু হয়েছে উল্লেখ করে টি ডি মিত্র বলেন, “ফলে মিলগুলো লোকসান কাটিয়ে ১৯ কোটি ৫৯ লাখ টাকা মুনাফা করেছে।” বর্তমানে বিজেএমসির আওতায় ২৭টি পাটকল আছে যার মধ্যে ২১টি সরকারি ব্যবস্থাপনায় ও ২টি ইজারা ব্যবস্থায় চালু রয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা পাট শিল্পের জন্য সুদের হার সাত শতাংশে নামিয়ে আনার জন্যে সুপারিশ করেন। এছাড়া সরকারি ভতুর্কি ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ করাসহ রপ্তানি কর কমানো এবং পাট পচানোর জন্যে পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তারা। সংবাদ সম্মেলনে পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. নাসির উদ্দিন, বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশনের (বিজেএসএ) চেয়ারম্যান শামস উজ দোহা ও বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন (বিজেএমএ) সচিব আব্দুল বারিক খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএইচ/পিডি/১৯৫৪ ঘ.