ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ভাগের প্রতিবাদে বিএনপির ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) বিভাজনের প্রতিবাদে আগামী ৪ ডিসেম্বর ২০১১ রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করায় এফবিসিসিআইসহ দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করছে।”
জাতীয় স্বার্থে হরতাল কর্মসূচি প্রত্যাহারের জন্য দেশের ব্যবসায়ী স¤প্রদায়ের পক্ষ থেকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানায় সংগঠনটি।
ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার বিল সংসদে পাস হওয়ার পরদিন বুধবার তা বাতিলের দাবিতে আগামী ৪ ডিসেম্বর রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।
এফবিসিসিআই’র বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা ভাগের বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আদালতের সিদ্ধান্তের আগে এ নিয়ে সব ধরনের আন্দোলন কর্মসূচি থেকে বিরত থাকা সমীচিন বলে ব্যবসায়ী সমাজ মনে করে।”
ঢাকা ভাগের বিল পাসের পরদিন ডিসিসি মেয়র ও বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকার এক রিট আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানাতে সরকারকে চার সপ্তাহ সময় দিয়েছে আদালত।
ঢাকা ভাগ নিয়ে মতভেদ দূর করতে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আলোচনার আহ্বানও জানায় এফবিসিসিআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২৪৬ ঘ.
bdnews24