২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চট্টগ্রাম কাস্টমসে বিকল্প বিরোধ নিষ্পত্তি শুরু জানুয়ারিতে’

বন্ড কমিশনারেটের কার্যক্রম উদ্বোধন করে এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জানুয়ারি থেকে চট্টগ্রাম কাস্টমসে বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ড কমিশনারেটের কার্যক্রম উদ্বোধন করে এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জানুয়ারি থেকে চট্টগ্রাম কাস্টমসে বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার আগ্রাবাদে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান। তিনি বলেন, চট্টগ্রাম কাস্টমসে অনেক মামলা বছরের পর বছর ধরে ঝুলে আছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা চালু হলে দ্রুত এসব মামলার জটিলতা নিরসন হবে। “এ পদ্ধতি চালু হলে ব্যবসায়ীরা উপকৃত হওয়ার পাশাপাশি কাস্টমসের কার্যক্রমেও গতি বাড়বে। এর নীতিমালাও চূড়ান্ত করা হয়েছে,” বলেন তিনি। চট্টগ্রামে বৃহৎ করদাতা ইউনিটের একটি শাখা খোলার ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন ও আয়কর আইনের খসড়া এনবিআরের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। “আপনাদের দাবির মেনেই আইন দুটি সংস্কার করা হচ্ছে। আপনারা মতামত দিলে তা বিবেচনা করা হবে।” ঘোষণার আড়াই বছর পর চট্টগ্রামে স্বতন্ত্র কাস্টমস বন্ড কমিশনারেটের কার্যক্রম উদ্বোধন করায় দুঃখ প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। চট্টগ্রাম কাস্টমসের অটোমোশনের কাজও অনেকাংশে এগিয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রামের বন্ড কমিশনার মো. জামাল হোসেন বলেন, দেশের প্রায় ৯ হাজার বন্ড প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রামে আছে ৮০০টি প্রতিষ্ঠান। ২০০০ সালে ঢাকায় বন্ড কমিশন প্রতিষ্ঠা করা হয়। চট্টগ্রামে আঞ্চলিক বন্ড কমিশনের কার্যালয়ও খোলা হয়। “কিন্তু কমিশনারের কার্যালয় ঢাকায় হওয়ায় ব্যবসায়ীদের ঢাকায় ছুটতে হতো। মাঝে মাঝে কমিশনারকে চট্টগ্রামে আসতে হতো। এ অসুবিধা দূর করতেই স্বতন্ত্র বন্ড কমিশনারেট চালু হলো।” কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রামের সিটিজেনস চার্টার-এ বলা হয়েছে, কাস্টমস বন্ড কমিশনারেট, চট্টগ্রাম প্রধানত রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের (সহযোগী এক্সেসরিজ প্রস্তুতকারী শিল্পসহ) কাঁচামাল আমদানি, সংরক্ষণ ও রপ্তানি কার্যক্রম তদারকির মাধ্যমে একাধারে রপ্তানি বাণিজ্যকে সহায়তা প্রদান এবং প্রদত্ত সরকারি সুবিধাদির সম্ভাব্য অপব্যবহার রোধ নিশ্চিত করে থাকে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, কাস্টম এক্সসাইজ অ্যান্ড ভ্যাট ট্রাইব্যুনালের সভাপতি হুসেইন আহমেদ, এনবিআরের সদস্য (শুল্ক নীতি) মো. শাহ আলম খান, সদস্য (শুল্ক রপ্তানি, বন্ড ও আইটি) মো. নাসির উদ্দিন, সদস্য (শুল্ক ও মূসক প্রশাসন) মো. এনায়েত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম উদ্দিন, এফবিসিসিআই’র পরিচালক নুরুল হক, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি এ এম মাহবুব চৌধুরী বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/এমআই/১৯৩০ ঘ.