২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এজেন্টের মাধ্যমেও সেবা দিতে পারবে ব্যাংকগুলো

ব্যাংকগুলো এখন নিজেদের কর্মী ছাড়াও এজেন্ট নিয়োগের মাধ্যমে গ্রাহকদের সেবা দিতে পারবে। তবে এক্ষেত্রে সব ধরনের ঝুঁকির দায় ব্যাংককেই নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকগুলো এখন নিজেদের কর্মী ছাড়াও এজেন্ট নিয়োগের মাধ্যমে গ্রাহকদের সেবা দিতে পারবে। তবে এক্ষেত্রে সব ধরনের ঝুঁকির দায় ব্যাংককেই নিতে হবে। বাংলাদেশ ব্যাংক বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছে। মূলত সাধারণ মানুষের কাছে ব্যাংক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর, সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশের অনেক এলাকায় কোনো ব্যাংকের শাখা নেই। সে সব এলাকার মানুষও যেন ব্যাংকের সেবা পায়- সেজন্যই বাংলাদেশ ব্যাংক এজেন্ট নিয়োগের মাধ্যমে ব্যাংকসেবা দেওয়ার অনুমতি দিয়েছে।” তবে এজেন্ট নিয়োগ করা যাবে সে এলাকায় যেখানে কোনো ব্যাংকের শাখা নেই। আসাদুজ্জামান বলেন, “এক্ষেত্রে কয়েকটি ব্যাংক মিলে একটি বুথ স্থাপনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে।” কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক কে এম আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত ‘গ্রাহকের প্রাঙ্গণে ব্যাংকিং পরিসেবা (নগদ অর্থ ও দলিলাদি সংগ্রহ এবং সরবরাহ) প্রদান’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, “ব্যাংকগুলো গ্রাহকের চাহিদার পরিপেক্ষিতে নিজস্ব স্ক্রিমের আওতায় গ্রাহকের প্রাঙ্গণে ব্যাংকিং পরিসেবা (যেমন- নগদ অর্থ, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার ইত্যাদি সংগ্রহ ও সরবরাহ) প্রদানের ব্যবস্থা করে আসছে।” “গ্রাহকের অধিকার ও দায়-দায়িত্বের ক্ষেত্রে স্বচ্ছতা আনা, বিভিন্ন ব্যাংকের দেওয়া পরিসেবার মধ্যে সামঞ্জস্য বিধান এবং নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করার স্বার্থে গ্রাহকের প্রাঙ্গণে প্রদত্ত ব্যাংকিং পরিসেবা একটি সুস্পষ্ট নীতিমালার আওতায় পরিচালিত হওয়া বাঞ্ছনীয় বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করে।” আর এই নীতিমালার আলোকে গ্রাহক সেবা দিতে সব ব্যাংককে নিজস্ব স্কিম প্রণয়নের মাধ্যমে সেবা দিতে হবে। সার্কুলার অনুযায়ী এজেন্ট নিয়োগের মাধ্যমে ব্যাংকগুলো যেসব সেবা দিতে পারবে সেগুলো হলো- কর্পোরেট গ্রাহক, সরকারি বিভাগ, ও সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের নগদ অর্থ ও দলিল সংগ্রহ, ব্যাংকের কাউন্টারে উপস্থাপিত চেকের বিপরীতে নগদ অর্থ সরবরাহ, যে কোনো ধরনের আর্থিক দলিল সরবরাহ; ব্যক্তি গ্রাহকের ক্ষেত্রে নগদ অর্থ এবং দলিল সংগ্রহ এবং যে কোনো ধরনের আর্থিক দলিল সরবরাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২১১৫ ঘ.