সাতক্ষীরা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজস্ব আদায়ে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ভোমরা স্থলবন্দরে অবরোধ করেছে সিএন্ডএফ কর্মচারী সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই অবরোধ চলাকালে সীমান্তের ওপারে অন্তত ৪০টি পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।
ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোকসেদ আলী এ খবর নিশ্চিত করেন।
ভোমরা বন্দর সিএন্ডএফ কর্মচারী সমিতি সভাপতি তহিদুল আলম লিটন জানান, রাজস্ব বোর্ডের বৈষম্যমূলক নীতির কারণে ভোমরা স্থলবন্দরের রাজস্ব আদায় দিন দিন হ্রাস পাচ্ছে।
তিনি অভিযোগ করেন, বেনাপোল বন্দরে ১০ চাকার আমদানি পণ্যবাহী ট্রাক থেকে আদায় করা হয় ৭ টন পণ্যের রাজস্ব। অথচ ভোমরা বন্দরে ৬ চাকার আমদানি পণ্যবাহী ট্রাক থেকে নেওয়া হয় ১০ টন পণ্যের রাজস্ব।
এ কারণে আমদানিকারকরা ভোমরা বন্দর ত্যাগ করে বেনাপোল ও সোনামসজিদ বন্দরের দিকে ঝুঁকছেন বলে তিনি দাবি করেন।
অবরোধ চলাকালে ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ কর্মচারী ও হ্যান্ডলিং শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। এরপর কাস্টমস হাউজের সামনে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সিএন্ডএফ কর্মচারী সমিতির সভাপতি তহিদুল আলম লিটন, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্টু, শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন বাবু, শ্রমিক নেতা জালাল উদ্দিন জালাল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৪ ঘ.
bdnews24