ঢাকা, নভেম্বর ২৮ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধ ফোন কল টারমিনেশন বা ভিওআইপি বন্ধে উচ্চ পর্যায়ের একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে।
সোমবার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খানকে প্রধান করে আগামী ১০ দিনের মধ্যে এ কমিটি গঠন করা হবে বলে জানান সচিব।
তিনি বলেন, বিটিআরসির তিন জন ও মন্ত্রণালয়ের দুই জন প্রতিনিধি এবং দুই জন বিশেষজ্ঞ নিয়ে এ কমিটি করা হচ্ছে।
অবৈধ ফোন কলের জন্য প্রতিদিন সরকারের কোটি টাকা ক্ষতি হচ্ছে উল্লেখ করে সচিব বলেন, ভিওআইপি কল প্রতিরোধে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিবে এ কমিটি।
রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান টেলিটকের বিরুদ্ধে সবচেয়ে বেশি ভিওআইপি কলের অভিযোগ রয়েছে।
এটা ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে সচিব বলেন, গত কয়েক মাসে টেলিটকের প্রায় এক লাখ সিম ভিওআইপির অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছে।
বর্তমানে টেলিটকের সাড়ে ১২ লাখ গ্রাহক রয়েছে বলে জানান তিনি।
এছাড়া ভিওআইপি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্যান্য অপারেটরদের নির্দেশ দেওয়ার পাশাপাশি বিটিআরসিকে এ ব্যাপারে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সচিব সুনীল কান্তি।
বিটিআরসি সূত্র জানায়, বৈধভাবে আসা আইএসডি কলে প্রতি মিনিটে তিন সেন্ট করে দেশে আসে।
টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধ পথে আসা এ ইনকামিং কলের বেশীরভাগই আসছে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের সিমের মাধ্যমে। আর বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধ কল আসার রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে আরেক রাষ্ট্রায়ত্ত্ব ল্যান্ডফোন কোম্পানি বিটিসিএলের আন্তর্জাতিক গেটওয়ে।
বিটিআরসি সূত্র জানায়, বৈধ আন্তজার্তিক কলের পরিমাণ গড়ে প্রতিদিন প্রায় ৪ কোটি মিনিট। কিন্তু গত মাসেও এ কলের পরিমাণ ছিল গড়ে ৫ কোটি মিনিটের বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচ/এসইউ/১৯৩০ঘ.
bdnews24