২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে আলু রপ্তানি হবে: বাণিজ্যমন্ত্রী

চলতি বছরেই মিয়ানমারে এক লাখ মেট্রিক টন আলু রপ্তানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 12:45 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরেই মিয়ানমারে এক লাখ মেট্রিক টন আলু রপ্তানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। মিয়ানমারে তিন দিনের সফর শেষে সোমবার সচিবালয়ে এক সংবাদ বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান। গ্যাস ও বিদ্যুৎ আমদানি, বাণিজ্যিক সম্পর্ক জোরদার, সড়ক ও নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আর্থিক লেনদেন জটিলতা নিরসনে গত ২৩ নভেম্বর বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার সফরে যায়। মন্ত্রী বলেন, “মিয়ানমারের জমি লিজ নিয়ে সেখানে চাষাবাদ করা যাবে। সে দেশের এ সংক্রান্তনীতিমালার কপি চাওয়া হয়েছে।” মন্ত্রী বলেন, মিয়ানমারে বাংলাদেশের ওষুধ, সিমেন্ট, রড, বৈদ্যুতিক তার ও কৃষিপণ্য রপ্তানির সুযোগ রয়েছে। তবে অর্থ লেনদেন জটিলতা বাণিজ্য বৃদ্ধির প্রধান বাঁধা। এ সমস্যা সমাধানে সোনালি ব্যাংকের সঙ্গে মিয়ানমারের তিনটি ব্যাংকের দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি হয়েছে। এ ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য স¤প্রসারণে সড়ক, নৌ ও যোগাযোগ ব্যবস্থার প্রতিকূলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ফারুক খান। প্রয়োজনে প্রটোকল সংশোধন করা হবে বলেও জানান তিনি। মিয়ানমার বাংলাদেশে চাল রপ্তানিতে আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বাড়ানোর ব্যাপারে এবং অন্যান্য বিষয়েও সম্পর্ক উন্নয়নে দেশটির আগ্রহ রয়েছে। তবে বাংলাদেশে বসবাসরত মিয়ানমারের শরণার্থীদের নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী। গত অর্থ বছরে মিয়ানমারের সঙ্গে দুইশ মিলিয়ন ডলার বাণিজ্য হয়। এর মধ্যে ১৮০ মিলিয়ন ডলার আমদানি এবং ২০ মিলিয়ন ডলার রপ্তানি হয়েছে বলে জানান ফারুখ খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৮৩৭