২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআরকে হতে হবে ‘কাগজবিহীন’: মুহিত

দুর্নীতি প্রতিরোধে জাতীয় রাজস্ব বোর্ডের পুরো কার্যক্রম তথ্যপ্রযুক্তিনির্ভর করার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 08:45 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি প্রতিরোধে জাতীয় রাজস্ব বোর্ডের পুরো কার্যক্রম তথ্যপ্রযুক্তিনির্ভর করার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার এনবিআরের অটোমেশন বিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাজস্ব প্রশাসনকে ডিজিটাল সিস্টেমে আনতে হবে। সরকারের সুশাসন নিশ্চিত করতে এটা খুবই গুরুত্বপূর্ণ। সরকার যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে সেটা বাস্তবায়নের জন্যও এটা জরুরি। সরকারের কিছু প্রতিষ্ঠান পুরোপুরি কম্পিউটারাইজড হয়েছে জানিয়ে মুহিত বলেন, “সব প্রতিষ্ঠানের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এনবিআরকে অবশ্যই ‘কাগজবিহীন’ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। রাজস্ব প্রশাসনকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে এর যাবতীয় কাজ কম্পিউটারাইজড হয়।” “এর ফলে দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে, দ্রুত সেবা পৌঁছে দেওয়া যাবে, সময় বাঁচবে। তবে গোপনীয়তার বিষয়টি বিবেচনায় রাখতে হবে,” বলেন তিনি। রেডিসন হোটেলে এনবিআর কর্মকর্তাদের অংশগ্রহণে দুদিনের এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, রাজস্ব আদায় বাড়াতে এনবিআরের নানামুখি সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে আয়কর ও ভ্যাট আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদও বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর পরিদর্শন বিভাগের মহাপরিচালক কানন কুমার রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৪৪১ ঘ.