ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটকলের খুচরা যন্ত্রাংশের চাহিদা মেটাতে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) যন্ত্রাংশ তৈরির কারখানায় ভারতীয় এক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগের পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার।
বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, গালফ্রা হাবিব লিমিটেড নামের ওই কারখানায় কলকাতার যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান লগন ইঞ্জিনিয়ারিং কোং লিমিটেড কারিগরি সহায়তাসহ আর্থিক বিনিয়োগ করবে।
তিনি বলেন, “এ জন্য উভয়পক্ষের মধ্যে আগামী এক সপ্তাহের মধ্যে একটি চুক্তি হবে।”
এর আগে মন্ত্রী নিজ কার্যালয়ের সভাকক্ষে বিজেএমসি এবং ভারতীয় ওই প্রতিষ্ঠানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তির শর্ত চূড়ান্ত করতে এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন।
লতিফ সিদ্দিকী বলেন, “যুক্তরাজ্যের ডান্ডিতে তৈরী যন্ত্র দিয়ে এতোদিন দেশীয় পাটকলের চাহিদা পূরণ করা হতো। অভ্যন্তরীণভাবে এ চাহিদা মেটাতে ৬০-এর দশকে বিজেএমসি চট্টগ্রামে স্বল্প ক্ষমতার একটি যন্ত্রাংশ নির্মাণ কারখানা চালু করে। গালফ্রা হাবিব নামের এ কারখানার উৎপাদন ক্ষমতা চাহিদার তুলনায় অনেক কম।”
তিনি জানান, স¤প্রতি যুক্তরাজ্যে পাটপণ্যের ব্যবসা কমে যাওয়ায় ডান্ডি’র যন্ত্রাংশ তৈরীর কারখানাও অচল হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে ভারতীয় প্রতিষ্ঠানটি থেকে যন্ত্রাংশ কিনে চাহিদা মেটাতে হচ্ছে।
“এজন্য বাংলাদেশ নিজস্ব প্রতিষ্ঠানের ক্ষমতা বাড়িয়ে দেশীয় চাহিদা মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”- যোগ করেন মন্ত্রী।
মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল জানান, উভয় দেশের প্রতিনিধিদের নিয়ে একটি পরিচালনা বোর্ড গঠিত হবে। এতে বস্ত্র ও পাট সচিব পদাধিকার বলে সভাপতি হবেন। এর ব্যবস্থাপনা পরিচালক হবেন লগন ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধি।
সচিব জানান, গালফ্রা হাবিব থেকে উৎপাদিত যন্ত্রাংশ দেশীয় সরকারি ও বেসরকারি পাটকলগুলোর চাহিদা অনুযায়ী সরবরাহ করা হবে। দেশীয় চাহিদা পূরণের পর উদ্বৃত্ত যন্ত্রাংশ ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। বোর্ডই এর লভ্যাংশ বণ্টনের শর্তাবলী চূড়ান্ত করবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ২৭টি সরকারি এবং প্রায় ১৫০টি বেসরকারি মালিকানার পাটকল রয়েছে।
সরকারি মালিকানার কারখানাগুলোর মধ্যে ২১টি সরকারি ব্যবস্থাপনায় এবং দুটি ইজারাদারদের মাধ্যমে চালু রয়েছে। তবে ইজারা বাতিল করে সরকার এ দু’টি পরিচালনার দায়িত্ব হাতে নিতে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/২৩৩৬ ঘ.
bdnews24