ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরব বিশ্বে রাজনৈতিক অস্থিরতার জন্য অনেক কর্মীকে ফিরতে হলেও নতুন নতুন বাজার পাওয়ায় জনশক্তি রপ্তানি কমেনি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিনি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, “বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং মধ্যপ্রাচ্য উত্তেজনা সত্ত্বেও গত দুই বছর ১০ মাসে ১৩ লাখ ২৫ হাজার কর্মী বিদেশে গেছে। চারদলীয় জোট সরকারের পাঁচ বছরে এ সংখ্যা ছিলো ১৩ লাখ ৮৭ হাজার।”
গত প্রায় তিন বছরে মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে ‘বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কর্মীদের কল্যাণে মন্ত্রণালয়ের ভূমিকা ও অর্জন’ শীর্ষক প্রকাশনার উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
নতুন শ্রম বাজার প্রসঙ্গে মোশাররফ বলেন, “মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অস্থিরতার কারণে আমাদের শ্রমবাজারে কিছুটা প্রভাব পড়েছে। মালয়েশিয়া ও সৌদি আরবসহ কয়েকটি দেশে এখনো বাংলাদেশের কর্মীদের নিয়মিত যাতায়াতের বাজার খোলেনি। এসব বাজার শিগগিরই খোলার চেষ্টা চলছে।”
যুদ্ধের কারণে এ বছর লিবিয়া থেকেই ৩৫ হাজারের মতো বাংলাদেশিকে ফেরত আসতে হয়েছে।
তবে এ সময়ে পশ্চিম ইউরোপসহ (যুক্তরাজ্য, রোমানিয়া, সুইডেন ও পোল্যান্ড) অস্ট্রেলিয়া ও জাপানের দেশগুলোতে বাংলাদেশের জনশক্তি রপ্তানির নতুন বাজার খোলার কথা জানান মন্ত্রী।
“ইরাকের বাজার থেকে বাংলাদেশি জনশক্তির চাহিদা পাওয়া যাচ্ছে। এসব নতুন বাজার খোলার কারণে বাংলাদেশের জনশক্তি রপ্তানিখাত আরো শক্তিশালী হচ্ছে,” বলেন তিনি।
লিবিয়ায় শান্ত হওয়ার পর ফিরে আসা কর্মীদের আবার নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। “যুদ্ধাপরবর্তী পরিস্থিতিতে দেশটির অবকাঠামো খাতে নিয়োগের জন্যও নতুন চাহিদা অনুযায়ী কর্মী পাঠানোর প্রস্তুতিও সরকার নিচ্ছে,” বলেন তিনি।
লিবিয়ায় বৈধ কাগজপত্র না নিয়ে যেতে বাংলাদেশি কর্মীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, এতে তারা নিজেরা যেমন সমস্যায় পড়বেন, তেমনি বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২২২৬ ঘ.
bdnews24