২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি-বিদ্যুতের দাম বাড়ান: আইএমএফ

জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর পরামর্শের পাশাপাশি মূল্যস্ফীতির রাশ টানতে অর্থ প্রবাহ নিয়ন্ত্রণের সুপারিশও করেছে সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 02:10 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এছাড়া মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে বাজারে অর্থ প্রবাহ নিয়ন্ত্রণের পরামর্শের পাশাপাশি বর্ধিত সরকারি ঋণ ভবিষ্যতে মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে বলেও সতর্ক করেছে এ সংস্থা। সোমবার ঢাকায় আইএমএফ’র আবাসিক প্রতিনিধি এতেরি কিনত্রেদজে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের বলেন, সামাজিক ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ বাড়াতে সরকারকে ভর্তুকি কমাতে হবে। এজন্য ধাপে ধাপে জ্বালানি ও বিদ্যুতের মূল্য সমন্বয় করতে হবে। স¤প্রতি দুই দফা জ্বালানির দাম বাড়িয়েছে সরকার। এছাড়া গ্যাস, সিএনজি ও বিদ্যুতের দামও বাড়ানোর প্রক্রিয়া চলছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অতিদরিদ্রদের অবস্থার উন্নয়নে কাক্সিক্ষত সাফল্য অর্জনে জ্বালানির মূল্য সমন্বয় প্রয়োজন বলে মনে করেন তিনি। তবে পরামর্শ দিলেও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কাজটি সরকারের বলেও মনে করিয়ে দেন তিনি। কিনত্রেদজে বলেন, বাংলাদেশ ও কলকাতায় পণ্যমূল্যের তারতম্য রয়েছে এবং এ কারণে চোরাচালান হতে পারে। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়ানো ও তারল্য নিয়ন্ত্রণে দক্ষতার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নিয়ন্ত্রক সংস্থার এ প্রচেষ্টাকে কোনোভাবে খাটো করে দেখা উচিত হবে না। ভর্তুকি মূল্যস্ফীতি অনেক বাড়ার কারণে ভর্তুকির বিষয়টি আলোচনার কেন্দ্রে এসেছে উল্লেখ করে আইএমএফ’র আবাসিক প্রতিনিধি বলেন, বর্তমানের ধারা চলতে থাকলে বাজেটে ভর্তুকির পরিমাণ ১ হাজার ৯১০ কোটি টাকার কথা বলা হলেও তা ৩১ হাজার ৫০০ কোটিতে পৌঁছাবে। মূল্য সমন্বয় করা না হলে ভর্তুকি জিডিপির তিন দশমিক চার শতাংশে পৌঁছাবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “বাজেটে সামাজিক ও বার্ষিক উন্নয়ন খাতে বরাদ্দ কম থাকায় ভর্তুকি বাড়ছে তো বাড়ছেই।” ঋণ বৃদ্ধি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এ কর্মকর্তা বলেন, ঋণের পরিমাণ বাড়ছে এবং এতে ব্যাংকিং ব্যবস্থার ওপর চাপ পড়বে। “কিছু ব্যাংক পুঁজিবাজারে অতিমাত্রায় বিনিয়োগ করেছে যা বাজারে সঙ্কট সৃষ্টি করে,” যোগ করেন তিনি। আইএমএফ প্রতিনিধি বলেন, ব্যাংক থেকে সরকারের ঋণের মাধ্যমে রিজার্ভ বাড়ছে এবং এটা মূল্যস্ফীতির ওপর চাপ ফেলবে। মুল্যস্ফীতি দুই অংকে পৌঁছেছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানের ধারা চলতে থাকলে ভবিষ্যতে তা আরো বাড়তে পারে। লেনদেন ভারসাম্য কিনত্রেদজে বলেন, গত এক দশকের মধ্যে বাংলাদেশ প্রথমবারের মতো নেতিবাচক লেনদেন ভারসাম্যের মুখোমুখি হয়েছে। “রপ্তানির চেয়ে দ্রুততার সঙ্গে আমদানি বাড়ছে এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ ধীর গতিতে বাড়ছে। এতে লেনদেন ভারসাম্যের ওপর চাপ পড়ছে।” তিনি বলেন, ডলারের বিপরীতে টাকার মূল্য দ্রুত গতিতে কমছে। জানুয়ারিতে যেখানে প্রতি ডলারের মান ৭১ টাকা ছিলো, সেখানে নভেম্বরে তা ৭৬ দশমিক ৫ টাকায় পৌঁছেছে। ডলারের বিপরীতে টাকার মূল্য হ্রাসের গতি কমিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে ১৪০ কোটি ডলার ব্যয় করেছে বলে জানান তিনি। তিনি বলেন, “আমদানি ব্যয় মেটানোর জন্য বাংলাদেশকে অবশ্যই বৈদেশিক মুদ্রার প্রয়োজনীয় রিজার্ভ নিশ্চিত করতে হবে এবং ধাপে ধাপে টাকার মূল্যমান কমার বিষয়টি মেনে নিতে হবে।” রাজস্ব আয় আইএমএফ কর্মকর্তা বলেন, ভালো খবর হচ্ছে রাজস্ব আয় বাড়ছে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পরিস্থিতিও ভালো। কর প্রশাসনে ধারাবাহিক অগ্রগতি প্রয়োজন বলে মন্তব্য করে তিনি বলেন, নতুন ব্যবসাবান্ধব মূল্য সংযোজন কর (ভ্যাট) ও আয়কর আইন প্রয়োজন। ১০০ কোটি ডলার ঋণ আইএমএফ’র ১০০ কোটি ডলার ঋণ বিষয়ে কিনত্রেদজে বলেন, এটা একটা প্রক্রিয়ার আওতাধীন এবং এ বিষয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে। “শিগগিরই আমাদের মধ্যে আরেক দফা সমঝোতা আলোচনা হবে,” বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এমআই/২০০০ ঘ.