২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকা বিনিয়োগে প্রশ্ন নয়

পুঁজিবাজারে এখন থেকে অপ্রদর্শিত আয় বিনাপ্রশ্নে বিনিয়োগ করা যাবে। এ সংক্রান্ত ব্যাখ্যা এসইসিতে পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় (কালো টাকা) বিনিয়োগ করা হলে কোনো প্রশ্ন করা হবে না বলে ব্যাখ্যা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার বিকেলে এ সংক্রান্ত একটি ব্যাখ্যা জারি করে তা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিন আহমদ। এনবিআরের প্রথম সচিব (করনীতি বিভাগ) তাহমিদ হাসনাত খান স্বাক্ষরিত ব্যাখায় বলা হয়েছে, “জাতীয় রাজস্ব বোর্ড পুঁজিবাজারের বিকাশে সবসময় সহায়ক ভূমিকা পালন করে আসছে। ২০০৯-১০ অর্থবছরে অপ্রদর্শিত আয় শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছিল, যা উদ্দেশ্য ছিল পুঁজিবাজারের বিকাশ ও এই খাতে বিনিয়োগকে উৎসাহিত করা।” “একই বিবেচনায় ২০১১-১২ অর্থবছরে অপ্রদর্শীত আয় বিনা ব্যাখ্যায় স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোম্পানির শেয়ারে বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এই বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীকে তার আয়ের উৎস সম্পর্কে কোন প্রশ্ন করা হবে না।” ব্যাখ্যায় আরও উল্লেখ করা হয়েছে, “এ সংক্রান্ত বিভ্রান্তি নিরসনকল্পে এবং বিনিয়োগকারীরা যাতে আস্থার সাথে অপ্রদর্শিত আয় শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড এ স্পষ্টীকরণ জারি করছে।” গত বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এসইসি সদস্য আরিফ খান বলেছিলেন, “বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগ করলে কোনো সংস্থা থেকে প্রশ্ন করা হবে না।” এরপর রোববার রাতে অর্থমন্ত্রীর সভাপতিত্বে বাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে আরেক সদস্য হেলালউদ্দিন নিজামী সাংবাদিকদের জানিয়েছিলেন, “দু একদিনের মধ্যে এ বিষয়টি স্পষ্টীকরণ করবে এনবিআর।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৭৫২ঘ.