ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে ‘প্রণোদনা প্যাকেজ’ মঙ্গলবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য হেলালউদ্দিন নিজামী।
সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নিজামী বলেন, “কিছু পদক্ষেপ আজকের বৈঠকে নেয়া হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) ব্রিফিং করা হতে পারে।”
অর্থমন্ত্রী বলেন, “আজকের মিটিং ছিল ফলোআপ মিটিং। গত কয়েক দিন আমরা যে সব মিটিং করেছি। এটা তারই ধারাবাহিকতা। আজকের বৈঠকে বেশ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত আমরা ফাইনালাইজড (চূড়ান্ত) করেছি। সবগুলো বিষয়ই সংবাদ সম্মেলনের মাধ্যমে এসইসি আপনাদের জানাবে।”
মঙ্গলবার বিফ্রিং করা হবে কিনা- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, “এ ব্যাপারে আমি কিছু জানি না, এসইসি জানে।”
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারিসহ অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও এসইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
বৈঠকের বিষয়ে জানতে গভর্নরকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পুঁজিবাজারে অব্যাহত দরপতন ঠেকাতে গত বুধবার বাজার সংশিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ বৈঠকে বাজার স্থিতিশীল করতে এবং ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এর তিন দিন পর রোববার সন্ধ্যায় বাজার সংশিষ্টদের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। বৈঠকের পর নিজামী সাংবাদিকদের জানিয়েছিলেন, দু-একদিনের মধ্যেই একটি সমন্বিত প্যাকেজ ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৫১৬ ঘ.
bdnews24